মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দেবে বাংলাদেশ

মিয়ানমার বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বাংলাদেশও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে। এছাড়াও নির্মাণ করা হবে সড়ক ও ওয়াচ টাওয়ার। নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ ও নবগঠিত রামু ব্যাটালিয়ন নিয়ে কক্সবাজার সদরে বিজিবির নতুন একটি সেক্টর আগামী মাসে কার্যক্রম শুরু করবে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার কক্সবাজার বিজিবির হেডকোয়ার্টার্সে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসানুষ্ঠান’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। সাংবাদিকদের তিনি আরো বলেন, কক্সবাজার একটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা। মিয়ানমারের সাথে রয়েছে কক্সবাজার এবং বান্দরবানের বিশাল সীমান্ত এলাকা। কক্সবাজারে বিজিবির নতুন সেক্টরের কার্যক্রম শুরু হলে মিয়ানমার সীমান্তবর্তী এলাকার মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবি সদস্যরা আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।