চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পথচিত্রের গল্প

রং, তুলি আর মনের মাধুরী মিশিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অংকিত হলো বিশ্বের দীর্ঘতম পথচিত্র। বাংলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ শীর্ষক ২.০৩ কি.মি. দৈর্ঘ্যের পথচিত্র অংকন করতে শিল্পীদের সময় লেগেছে ২৮ দিন। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ পথচিত্র অংকন কাজ শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘স্মরণ স্তম্ভ’ থেকে কাটা পাহাড় হয়ে শহীদ মিনার ও বিজ্ঞান ভবন পর্যন্ত ‘বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলপনা আঁকা হয়েছে। অন্যদিকে, শহীদ মিনারের উত্তর পার্শ্বের সড়ক দিয়ে সমাজ বিজ্ঞান অনুষদ এবং দক্ষিণ পার্শ্বের প্রীতিলতা হলের সড়ক ও উপাচার্যের বাসভবন পর্যন্ত ফুটে উঠেছে ৪৭-এর দেশভাগ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়। এছাড়াও পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, জেল হত্যা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন এবং তরুণ প্রজন্মের চলমান আন্দোলনও ফুটে উঠেছে দীর্ঘ এ পথচিত্রে। গত ১৩ এপ্রিল পথচিত্র অংকনটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে বিশ্বের দীর্ঘতম এ পথচিত্র অংকন করতে সময় লাগে ২৮ দিন। এর আগে বিশ্বের দীর্ঘতম পথচিত্র ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আঁকা পথচিত্র। যার দৈর্ঘ্য ছিল ১.৭৫ কিলোমিটার। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অংকিত হলো বিশ্বের দীর্ঘতম পথচিত্র। যার দৈর্ঘ্য ২.০৩ কিলোমিটার।