তারকার গল্প

শুনতেই বেশি পছন্দ করে সাকী

সুমাইয়া রহমান। ডাক নাম সাকী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে টেলিভিশনে যার মিষ্টি মুখের দেখা মেলে। তথ্য ও বিনোদনের মিশেলে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাভিশনে। মিষ্টি মুখের লাজুক মেয়েটি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে। ক্লাস, পরীক্ষা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় অন্য সবাই যখন মুখর তখনো সুমাইয়া নিশ্চুপ। চুপচাপ স্বভাবের মেয়েটি আড্ডাবাজির আসরে থাকলেও বলার চেয়ে শুনতেই বেশি পছন্দ করতেন। বিটিভির ঘরে-বাইরে ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়ানো। এরপর এসএ হক অলিকের পরিচালনায় টেলিফিল্ম ‘লটারি’তে অভিনয় করেন। জিটিভিতে প্রচার চলতি ‘জননী’ নাটকে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন সুমাইয়া। এছাড়া ‘মেঘ না জল’, ‘ভালোবাসার পতাকা’, ‘দশ বছর পর’ নাটকে তার সাবলীল অভিনয় ধীরে-ধীরে ব্যস্ততা বাড়াচ্ছে মিডিয়া পাড়ায়। আজিজুল হাকিমের ধারাবাহিক ‘নিজ গৃহে পরবাসী’, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’, ‘নারী’, ‘মেঘের খেয়া’ নাটকে কাজ করেছেন। সুমাইয়া সাকী উপস্থাপনা করেছেন আরটিভির ‘ক্যাম্পাস এক্সট্রা’, বিটিভির গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, বিটিভির তথ্যভিত্তিক প্রামান্য অনুষ্ঠানসহ অনেক অনুষ্ঠান। এতকিছুর পরেও ক্যাম্পাসকেই প্রাণের টান বলে জানালো সে। এখনো মাস্টার্স শেষ হয়নি। বিজ্ঞানের মত কঠিন বিষয়, সে সঙ্গে মিডিয়ার ব্যস্ততা সামলান কিভাবে জানতে চাইলে সাকী বলেন, বন্ধুরা দারুণ সহযোগিতা করে। চেষ্টা করি ক্লাসগুলো করতে। সম্ভব না হলে বন্ধুদের কাছ থেকে ক্লাসনোট নেই। না বুঝলে তাদের কাছ থেকেই পড়াটা বুঝে নেই। এছাড়া শিক্ষকরাও সহযোগিতা করে।