মেধাবীদের গল্প

লক্ষ্য ঠিক রেখে এগুতে হবে

ছাত্রনং অধ্যয়ন তপ। পড়াশোনাকেই ধ্যান জ্ঞান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করা আমিনুল ইসলাম। ৩ ভাই আর মা-বাবা নিয়ে পরিবারের গণ্ডি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তীব্র আকর্ষণ। কুষ্টিয়ার দৌলতপুরের আমিনুল স্থানীয় প্রাইমারি আর হাইস্কুলে পড়ার পর ভর্তি হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। প্রথমবারের এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের একজন হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। বেড়ে যায় উত্সাহ। সবশেষ অনার্স ও মাস্টার্স পরীক্ষায় রাখলেন নিজের কৃতিত্বের স্বাক্ষর। ঢাবি’র প্রাণিবিদ্যা বিভাগ থেকে যথাক্রমে ৩.৯২/৪ এবং ৩.৯৮/৪ সিজিপিএ অর্জন করেন। প্রথম স্থান অধিকার করেন মার্স্টাস-এ। ভালো রেজাল্ট কিভাবে? জানালেন ইঞ্জিনিয়ার বড় ভাই, লেকচারার মেজো ভাই আর বাবার অনুপ্রেরণাতেই আজকের অবস্থানে দাঁড়িয়ে। সাথে রয়েছে পড়াশোনার জন্য সুস্থ পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক পরিবেশ লেখাপড়ার জন্য অনেক বেশি ভালো। হলের প্রভোস্ট অধ্যাপক এম,এ মালেক স্যারের সহায়তা না বললেই নয়। বিদ্যুত্ চলে গেলে বিকল্প বিদ্যুত্-এর ব্যবস্থা করেছেন স্যার। যেটা অন্য কোথাও দেখা যায় না। আমিনুল প্রাণিবিদ্যার এনাটোমোলজিতে পড়াশোনা করেছেন। প্রজাপতি প্রিয় গবেষণার বিষয়। ইচ্ছা আছে পরিবেশ ও জীব বৈচিত্র্য নিয়ে গবেষণা করার। বর্তমানে কাজ করছেন বিশ্বব্যাংকের একটি প্রজেক্টে রিস্যার্চ অ্যাসিস্ট্যান্ট হয়ে। আমিনুলের শখ ফটোগ্রাফিতে। ইতিমধ্যে বিশ্বব্যাংকের অধীনে একটা ফটোগ্রাফি কোর্সও সম্পন্ন করেছেন। শিক্ষার্থীরা কি করবে? সময়ের কাজ সময়ে করা। গুরুত্ব দিয়ে কাজটি করা। ক্লাসে মনোযোগের উপস্থিতি আর সহায়ক বইপুস্তক ও জার্নাল অধ্যয়ন। নিজেকে আপডেট রাখতে ইন্টারনেটের জগতে ঢুঁ মারা। সমসাময়িক বিষয়গুলোতে জ্ঞান রাখা। যার যে বিষয়টা ভালো লাগে তার সেটাই করা উচিত। এটা হলে তার সফলতার সম্ভাবনা শতভাগ নিশ্চিত।