ডাকটিকেটে নজরুল
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:৩০
বাংলা সাহিত্যের কাব্যভুবনে যার আর্বিভাব ঘটেছিল ধূমকেতুর মতো, যার দীপ্ত ছটায় উদ্ভাসিত হয়েছিল বাঙালি জাতির মন ও মনন- তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে স্মরণীয় করে রাখার জন্য ৩টি দেশ স্মারক ডাকটিকেট প্রকাশ করেছেন। দেশ ৩টি যথাক্রমে-পাকিস্তান, বাংলাদেশ ও ভারত।
প্রথম পাকিস্তান ডাক বিভাগ ১৯৬৮ সালের ২৫ মে ১৫ ও ৫০ পয়সা মূল্যমানের ২টি ভিন্ন রঙের স্মারক ডাকটিকেট প্রকাশ করে। কিন্তু নকশা একই। ডাকটিকেটের নকশায় নজরুলের ছবি এবং তাঁর লেখা কবিতা স্থান পায়।
কবিতার লাইনগুলো হলো-
‘গাহি সাম্যের গান
মানুষের চেয়ে নাহি কিছু বড়
নাহি কিছু মহীয়ান’
কিন্তু এই ডাকটিকেট দুটো প্রকাশের সঙ্গে সঙ্গে তুলে নেয়া হয়। কারণ ডাকটিকেট দুটিতে ভুল তথ্য ছাপা হয়। একটি হলো কবির জন্ম তারিখ এবং অপরটি কবিতার লাইন। জন্ম তারিখ ২৫ মে ১৮৯৯ সালের স্থলে ২৫ মে ১৮৮৯ ছাপা হয়। কবিতার লাইনে মানুষের চেয়ে বড় কিছু নাই এর স্থলে মানুষের চেয়ে নাহি কিছু বড় এবং নহে কিছু মহীয়ান এর স্থলে নাহি কিছু মহীয়ান ছাপা হয়। পরবর্তী সময়ে ডাকটিকেট দুটি সংশোধন করে ১৯৬৮ সালের ২৫ জুন আবার পুনর্মুদ্রিত করা হয়। এখানে উল্লেখ্য যে, ডাকটিকেট দুটি প্রকাশের পরপরই দেশের পত্র পত্রিকায় সমালোচনার ও প্রতিবাদের ঝড় ওঠে। ডাকটিকেটে কবির যে পরিচয় দেয়া হয়েছে ‘Poet and Musician’ তা যথার্থ নয়। কবির জীবদ্দশায় তাঁকে নিয়ে এ দুটিই প্রথম ডাকটিকেট।
১৯৭৭ সালে ২৯ আগস্ট কবির প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ডাক বিভাগ ৪০ পয়সা ও ২টাকা ২৫ পয়সা মূল্যমানের দুইটি স্মারক ডাকটিকেট প্রকাশ করে। দুইটি ডাকটিকেটের নকশা করেন কে.জি. মোস্তফা। ৪০পয়সা ডাকটিকেটে কবির প্রতিকৃতির সঙ্গে কবির রচিত বাংলাদেশের রণসংগীতের চারটি চরণ স্থান পায়-
‘উষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল’।
এই সেটের দ্বিতীয় ডাকটিকেটে ‘বিদ্রোহী’ কবিতার দুটি চরণ স্থান পায়-
‘বল বীর-
চির-উন্নত মম শির’।
এরপর বাংলাদেশ ডাকবিভাগ কাজী নজরুল ইসলামকে নিয় ৬ টাকা মূল্যমানের ডাকটিকেট প্রকাশ করে ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর কবির জন্মশতবার্ষিকী উপলক্ষে। ডাকটিকেটের নকশাবিদ আনোয়ার হোসেন। ১৯৭৭ সালের ২৯ আগস্ট প্রকাশিত ২.২৫ টাকা মূল্যমানের ডাকটিকেটের নকশাই ছিল এই ডাকটিকেটে। শুধু কবিতার লাইন ও রঙ পরিবর্তন করেছেন। এ ডাকটিকেটে কবির রচিত ‘মানুষ’ কবিতার চরণ স্থান পায়-
‘গাহি সাম্যের গান
মানুষের চেয় বড় কিছু নাই,
নহে কিছু মহীয়ান!’
কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯৯ সালে ভারতীয় ডাক বিভাগও ৩ রুপি মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করে।
২০০৪ সালে ৩ জুন বাংলাদেশ-ইরান বন্ধুত্ব সর্ম্পককে উপলক্ষ করে ১০ টাকা মূল্যমানের ২টি স্মারক ডাকটিকেট প্রকাশ করে যার নকশা করেছেন মৃনাল চক্রবর্তী। ডাকটিকেটের নকশার একটিতে ইরানের কবি হাফিজ সিরাজী এবং অপরটিতে কাজী নজরুল ইসলামের ছবি স্থান পায়।
সর্বশেষ আর্ন্তজাতিক নজরুল সম্মেলন ২০১১ উপলক্ষে ২৪ জুন ২০১১ বাংলাদেশ ডাকবিভাগ ১০টাকা মূল্যমানের ৪টি ডাকটিকেট প্রকাশ করে। ডাকটিকেটগুলোতে যথাক্রমে নজরুলের বিভিন্ন বয়সের ছবি এবং নজরুল স্মৃতিবিজড়িত সিমলারদারোগা বাড়ি (ত্রিশাল), বর্ধমান হাউস, কান্দিরপাড় কুমিল্লা এবং কবি ভবন ধানমন্ডি-এর ছবি স্থান পায়। চারটি ডাকটিকেটের নকশা করেন আনোয়ার হোসেন।
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যাঙ্গনে আজও ধ্রুবতারা, তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।