আমার প্রিয় স্কুল
পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:৩০
আমার প্রিয় স্কুলের নাম পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৭৫ সালে স্থাপিত। পঞ্চগড় জেলা শহরের দক্ষিনে, পঁচিশ বিজিবি ক্যাম্পের উত্তরে, করতোয়া নদীর তীরে অবস্থিত এই বিদ্যালয়টি মনোরম পরিবেশে দন্ডায়মান। বিশাল মাঠ নিয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পূর্বে পাশে সবুজ শ্যামলে ঘেরা এক অপূর্ব গ্রাম লোকালয় স্কুলের উত্তর পাশ দিয়ে পূর্ব পশ্চিমে অবস্থিত পঞ্চগড় চিনিকলের কর্মকর্তা কর্মচারীদের আবাসস্থল, যা চিনিকল কলোনি নামে পরিচিত। কলোনি ঘেষা পঞ্চগড় চিনিকল থেকে পূর্ব দিকে একটি পাকা রোড যা দেবীগঞ্জের দিকে গ্রামের মেঠোপথ মারিয়ে প্রবাহিত হচ্ছে। বিদ্যালয়টির পশ্চিম উত্তর পাশে চিনিকলের নিজস্ব ডাকবাংলো যে ডাকবাংলায় সরকারি এবং বে-সরকারি অতিথিরা পঞ্চগড়ে আসলে এখানে অবস্থান করেন। বিদ্যালয়টির পূর্ব পশ্চিম বিশাল মাঠে পশ্চিমের শেষ প্রান্তে পঞ্চগড় ঢাকা হাইওয়ে রোড ঘেষাঁ জামে মসজিদের সম্মুখ ভাগে গাছপালায় পরিপূর্ণ এক স্বর্গীয় পরিবেশ। সবুজ শ্যামল দূর্বাঘাসে পরিপূর্ণ এই স্কুল মাঠে প্রতিদিন সকালে বয়স্ক মানুষরা প্রাতকালীন ভ্রমন করেন। বিকাল হলেই এলাকার শিশু কিশোররা দল বেঁধে স্কুল মাঠে খেলাধুলা করে। আমাদের বিদ্যালয়টিতে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হয়। পঞ্চগড় পৌরসভার ৭নং ওয়ার্েড অবস্থিত এই বিদ্যালয়ের ৪টি বড় বড় পাকা ঘর রয়েছে। শিক্ষকরা প্রতিনিয়ত আমাদের যত্ন সহকারে পাঠদান করে থাকেন। এই বিদ্যালয়ের খোরশেদ আলম স্যার সকল ছাত্রদের খুবই আদর করেন। তাঁর কথা কেউ ভুলতে পারে না। আমি এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। গত ২০১২ সালে আমি পঞ্চম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। আমি বর্তমানে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়ন করছি। আমার প্রিয় পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবসে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে। বিদ্যালয়টি পঞ্চগড় জেলার সবচেয়ে মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় এই প্রতিষ্ঠানের মাঠে, জেলার সকল বিশেষ অনুষ্ঠান এবং ক্রীড়া বিনোদন পরিচালিত হয়। বিদ্যালয়টি আমার অতি প্রিয়। এই বিদ্যালয়ের পরিবেশ আমাকে এখনো এক অজানা আবেগে টানে ।