আমার প্রিয় বই
জাগো সুন্দর চির কিশোর
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:৩১
আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য অনেক ছড়া-কবিতা, গান ও নাটক লিখেছেন। তাঁর ঝিঙেফুল, পুতুলের বিয়ে, ঝিলিমিলি, সাতভাই চম্পা ও জাগো সুন্দর চির কিশোর বইগুলো সবার কাছে আদৃত ও প্রিয় বই।
নজরুলের লেখা আমার প্রিয় বইটির নাম জাগো সুন্দর চির কিশোর। এটি একটি নাটকের বই এবং ছোটদের জন্য লেখা। এ বইটির কাহিনী চমত্কার। কঙ্কন, কল্পনা কামাল, চাকাম, ওঙকার ও বেনু একাঙ্কিকার মূল চরিত্র। এটি শুরু হয়েছে একটি কোরাস গান দিয়ে। কবিতা ও সংলাপে সাজানো হয়েছে বইটি। এটিতে কামালের সংলাপে মজায়লের বিখ্যাত কবিতা সওদাগর স্থান পেয়েছে। এটিতে আরো রয়েছে সকাল বেলার পাখি এবং আমাদের রণসংগীত ‘চল চল চল।”
সম্প্রতি এই বইটি নজরুল ইনস্টিটিউট থেকে বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এটি ইংরেজিতে অনুবাদ করেছেন সাজিদ কামাল। প্রচ্ছদ সৈয়দ লুত্ফুল হকের আঁকা। ভেতরের অঙ্গসজ্জা মাসুদ কবিরের।
বইটির পাতায় পাতায় মনকাড়া ছবি। আমার দৃঢ় বিশ্বাস- এ বইটি তোমাদের কাছেও ভীষণ প্রিয়।
আবু আইয়ুব শিবলী
শাহজাদপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।