শেয়ারবাজারে মূল্য সংশোধন
প্রকাশ : ২১ মে ২০১৩, ২০:০৩
শেয়ারবাজারে তিনদিন সূচক বাড়ার পর গতকাল মঙ্গলবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা থেকে গতকাল দেশের উভয় শেয়ারবাজারে সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন ধরে শেয়ারের দাম বাড়ায় মুনাফা তুলে নেয়ার প্রবণতায় সূচক কমাই স্বাভাবিক। এটাই শেয়ারবাজারের নিয়ম। তবে ব্যাংকিং সেক্টরের কোম্পানিগুলোর শেয়ারের দর কমাও সূচক কমার অন্যতম কারণ।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৬৯ পয়েন্ট কমে ৩ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৭ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, মূল্য সংশোধন এবং ব্যাংকিং খাতের শেয়ারের দরপতনে গোটা শেয়ারবাজারের সূচক কমেছে। দাম কমার দিক থেকে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে প্রায় ২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পোশাক খাতও ছিল দাম কমার দিক থেকে এগিয়ে। এদিকে সোমবারের ধারাবাহিকতায় গতকালও লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি খাত। সোমবার ব্যাংকিং খাতের পরই ছিল এ খাতের অবস্থান। আর গতকাল বাজারের মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশই হয়েছে জ্বালানি খাতের কোম্পানিগুলোর শেয়ারকে ঘিরে। এরপরই হচ্ছে পোশাক খাতের অবস্থান।