মু খো মু খি

আমি আর শাকিব কখনোই প্রতিযোগী নই

আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে? অনেকগুলো চলচ্চিত্রের কাজ করছি। কয়েকদিন আগে ‘জটিল প্রেম’ ছবিটি মুক্তি পেল। হলে ভালো চলছে এটি। রাজু চৌধুরীর ‘রোমিও ২০১৩’, শাফি উদ্দিন শাফির ‘প্রেম প্রেম পাগলামি’, শাহ মোহাম্মদ সংগ্রামের ‘কি প্রেম দেখাইলা’ ছবিগুলোতে কাজ করছি। ভালোই ব্যস্ততা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি শুটিং করছি শাহীন সুমনের ‘আমি তুমি সে’ ছবিটি। এতে আমার বিপরীতে থাকছেন মাহি। আর আগামী কোরবানির ঈদে জ্যাজ মাল্টিমিডিয়ার ‘ছোট্ট একটা ভালোবাসা’ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এইতো একজন উঠতি চিত্রনায়ক হিসেবে ভালো ব্যস্ত সময় কাটাচ্ছি। জ্যাজ মাল্টিমিডিয়া তো আপনাকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবেই বাছাই করেছিলেন এবং সেই উদ্দেশ্যেই হাঁটছিলেন, এখন তো আবার শাকিব-জ্যাজ সম্পর্ক পুনরায় ঠিক হয়ে গেছে। এতে কী জ্যাজ আবার আপনাকে ছুড়ে ঠেলে দিচ্ছে না তো? আসলে আমাকে কারও প্রতিদ্বন্দ্বী হিসেবে আনছে এটা আমার কখনোই জানা ছিল না। আমি শুধু জানি যে, জ্যাজ এ দেশের চলচ্চিত্রে নতুন শিল্পী তৈরি করা এবং চলচ্চিত্রের তকমাটা উন্নত ও পরিবর্তনের লক্ষ্যেই কাজ করছে। আমি সেই অ্যাম্বিশনেরই একটি অংশ। জ্যাজের শুরু আমাকে দিয়েই আর আমারও শুরু জ্যাজকে দিয়েই। আমি আসলে ওসব প্রতিদ্বন্দ্বিতার কথা বলতে পারব না। আর হ্যাঁ, দেশটা খুবই ছোট, এখানে একে অপরের সঙ্গে মনোমালিন্য হবে আবার ঠিক হবে এটাই স্বাভাবিক। আমি মনে করি শাকিব ভাই ও জ্যাজের বিষয়টিও সেরকমই। আর শাকিব তো আমার সিনিয়র একজন শিল্পী। তাদের দোয়া নিয়েই ক্যারিয়ার এগোতে চাই। কোনো দ্বন্দ্ব নয়। আমি আর শাকির প্রতিযোগী নই। বাপ্পি-মাহি জুটি প্রসঙ্গে বলুন। আমাদের জুটিটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, আমাদের ছবিগুলোও গ্রহণ করেছে তারা, ব্যবসা কেমন হয়েছে জানি না, ‘ভালোবাসার রং’ ছবিটি আলোচিত হয়েছে, সঙ্গে আমরা দু’জনও। এ বছরই আমি আর মাহি জুটি বেঁধে নতুন ৫টি ছবিতে সাইন করেছি। একজন তরুণ অভিনেতা হিসেবে এতগুলো ছবির কাজ একসঙ্গে করছেন, একটি ছবি থেকে আরেকটি ছবির ভ্যারিয়েশনটা কীভাবে দেখাবেন? দেখুন, আমাদের ‘ভালোবাসার রং’ থেকে ‘অন্যরকম ভালোবাসা’ ছবি দুটের গল্প যেমন ভিন্ন, তেমনি লোকেশন থেকে অন্য সবকিছুই ব্যতিক্রম। আর এই ভ্যারিয়েশনের জন্যই এখন একাধিক পরিচালকের সঙ্গে কাজ করছি। একেকজন পরিচালকের মেকিং ফ্লেভার একেকরকম। আমার কো-আর্টিস্ট বদলাচ্ছে। এই তো।