এবার আমির-সালমানের ‘আন্দাজ আপনে আপনে টু’!
প্রকাশ : ২১ মে ২০১৩, ২০:২৬
বলিউডে একের পর এক রিমেকের পাশাপাশি জনপ্রিয় হওয়া ছবিগুলোর একের পর এক সিক্যুয়াল নির্মাণের যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। কিছুদিন আগে শেষ হলো ‘জঞ্জির’-এর রিমেক শুটিং। আরও অনেক ছবির পাশাপাশি সম্প্রতি ঘোষণা দেওয়া হয় শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘বাজিগর’-এর সিক্যুয়াল ‘বাজিগর টু’-এর কথা। নায়ক হিসেবে থাকছেন শাহরুখই। এবার সেই ধারাবাহিকতায় বলিউডের দুই খান আমির ও সালমানের সর্বকালের সুপারহিট কমেডি ছবি ‘আন্দাজ আপনে আপনে’-এর সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, এ বছরেরই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এর শুটিংয়ের তারিখও পাকা হয়ে গেছে। অমর ও প্রেম চরিত্রেই অভিনয় করবেন এই দুই বন্ধু। তবে তাদের বিপরীতে থাকা অভিনেত্রী কারিশমা কাপুর ও রাবিনা টেন্ডুনের চরিত্রে পরিবর্তন আনা হচ্ছে। তবে এই দুটি চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনও ঠিক হয়নি।