লড়াই হবে দ্বিমুখী
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:০০
বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামাল ব্যাপক শো-ডাউনের মধ্য দিয়ে সোমবার এখানে ফিরে এসে গণসংযোগ শুরু করেছেন। একই দিন মাঠে নেমেছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এবায়দুল হক চাঁন। আগেভাগেই নির্বাচনের মাঠে রয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন ও বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। ৪ প্রার্থী নির্বাচনের মাঠে নামার পরে জমে উঠেছে লড়াই। চলছে ভোটের হিসাব-নিকাশ। বিগত দু’টি সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে লড়াই হলেও এবার দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটের মাঠে থাকা রাজনৈতিক নেতারা। দু’ জোটের দু’ শক্তিশালী প্রার্থী সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন ও জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামালের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটাররা। সেক্ষেত্রে বিএনপি প্রার্থীর ভরসা ৬০ বর্গ কিলোমিটার এলাকায় বিএনপি’র ভোট ব্যাংক। আওয়ামী লীগ প্রার্থী শওকত হোসেন হিরনের ভরসা গত ৪ বছর ৭ মাসে নগরীর ব্যাপক উন্নয়ন। তবে হিরনের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এবার তাকে মেয়র হওয়ার জন্য গত বারের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেতে হবে।
গত নির্বাচনে শওকত হোসেন হিরন ৪৬ হাজার ৭৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শিল্পপতি সরফুদ্দিন আহমেদ সান্টু পেয়েছিলেন ৪৬ হাজার ২০৮ ভোট। আহসান হাবিব কামাল পেয়েছিলেন ২৬ হাজার ৪১৬ ভোট এবং এবায়েদুল হক চাঁন পেয়েছিলেন ১৯ হাজার ৬২৬ ভোট। এবার হিরনের সেই নিকটতম প্রতিদ্বন্দ্বী সরফুদ্দিন সান্টু নির্বাচনে নেই। তার প্রাপ্ত ৪৬ হাজার ২০৮ ভোট এবার বিএনপি প্রার্থী নাকি আওয়ামী লীগ প্রার্থীর বাক্সে যায় সেটাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। দু’ দলের দু’ বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না বলে সাধারণ ভোটাররা মনে করছেন।
উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করে হিরনের সমর্থকরা মনে করছেন তাদের প্রার্থীর বিজয় শতভাগ। আবার আহসান হাবিব কামালের সমর্থকরা মনে করছেন মজিবর রহমান সরোয়ার যদি শেষ পর্যন্ত ভোটের মাঠে আন্তরিকভাবে কাজ করেন তাহলে পুনরায় নগর ভবন বিএনপি’র কবজায় আসবে।
ঐক্যবদ্ধ থাকলে বিজয়
নিশ্চিত :হিরন
কোন প্রার্থীকে ছোট করে দেখলে চলবে না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় নিশ্চিত। গতকাল মঙ্গলবার নগরীর ১৪, ১৬, ১৯, ২১, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন এসব কথা বলেন। পৃথক এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক ও শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ ও সদস্য সচিব মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। দুপুরে বরিশাল কলেজের শিক্ষকদের সাথে কলেজ শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।