মেয়র প্রার্থী ৭ জন, বিএনপির একাধিক
হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:০১
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে দু‘জন নাসিম হোসাইন ও সালাউদ্দিন রিমনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। পরবর্তীতে আপিলের মাধ্যমে দু’জনই বৈধতা পান। সিসিক নির্বাচনের আরো প্রায় এক মাস বাকি। এখনো প্রচারণা শুরু হয়নি। প্রার্থীরা প্রস্তুতিতে ব্যস্ত। অনেকে ঘর ঘোছাচ্ছেন। অনেকেই পুরনো বিরোধও মিটিয়ে ফেলছেন। আবার বিভিন্ন স্থানে মতবিনিময়ের নামে চলছে জনসংযোগ। বস্তুত নির্বাচনী আমেজ শুরু হবে বিএনপি’র মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর। আওয়ামী লীগের প্রার্থী সদ্য পদত্যাগী মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বিপরীতে বিএনপির একাধিক প্রার্থী এখন পর্যন্ত মাঠে থাকায় নাগরিকরা অপেক্ষায় প্রহর গুণছেন। অবশ্য বিএনপি’র কেন্দ্রীয় নেতা শমসের মবিন চৌধূরী হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করার কথা। শমসের মবিন সোমবার সিলেট পৌঁছেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।
ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সিলেট মহানগর সভাপতি নগর উন্নয়ন কমিটির আহ্বায়ক আরিফুল হক বিএনপির প্রার্থী হিসাবে চূড়ান্ত হচ্ছেন মর্মে খবর প্রচারিত হওয়ায় আরিফ বিরোধীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। রবিবার রাতে সিলেট মহানগর বিএনপির সভায় নির্বাচনে আরিফুল হককে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। তারা মেয়র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আব্দুল কায়ূম জালালী পঙ্কী, নাসিম হোসাইন ও এডভোকেট শামসুজ্জামান জামানের মধ্যে যে কোন একজনকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত সিলেট বিএনপিতে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এখন ঝড় বইছে। আরো একটি সূত্র জানায় একক প্রার্থী ঘোষণার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব বিষয় ভেবে চিন্তে শমসের মবিন সিদ্ধান্ত নিবেন।
দলের একাধিক নেতা বলেছেন, হাইকমান্ডের ঘোষণা জানার পর সবাই একযোগে কাজে নেমে পড়বেন। তারা বলেন, শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তৃণমূল নেতা-কর্মীরা তার অপেক্ষায়। এ বিষয়ে সিলেট মহানগর বিএনপি সভাপতি এম.এ হক সোমবার ইত্তেফাককে বলেন ‘কেন্দ্রের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’ এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন। বিএনপি যখন তাদের প্রার্থী নির্বাচনে মরিয়া-ঠিক তখনি নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছে সিলেটে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ক্ষমতাসীন দলের দু’টি গ্রুপ আগ্নেয়াস্ত্র হাতে মাঠে নামে। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের নেতারও বিব্রত। রবিবার সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্র জানায়, সিলেট এমসি কলেজে রবিবার ছাত্রলীগের দুই গ্রুপের বন্দুক যুদ্ধের নেপথ্যে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন।
এদিকে বিএনপি-আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন ও মহানগর জামায়াতের আমির কারাবন্দী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও রয়েছেন মাঠে। সাধারণ কাউন্সিলার পদে ১৫২ জনের মধ্যে ১৮ জনের মনোনয়ন বাতিল হয়েছিল। পরে আপিলের মাধ্যমে সোমবার পর্যন্ত আরো ৩ জন বৈধতা পেয়েছেন, একজনের শুনানি চলছিল বিকাল পর্যন্ত। আজ ২২ মে পর্যন্ত আপিল শুনানি চলবে।