ডান পায়ের হাঁটুর চোট একটু বেশিই ছিল থিয়াগো সিলভার। সেটা এতটাই যে বাধ্য হয়ে অস্ত্রোপচারই করিয়ে ফেললেন প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।
তবে, অস্ত্রোপচার করিয়েই রক্ষা নেই। আরো বড় ঝুঁকিতে আছেন তিনি। এখন অস্ত্রোপচারের ধকল কাটিয়ে আবারো মাঠের ফেরার অপেক্ষায় আছেন সিলভা। তবে, তিনি ফেরার আগেই নিজেদের দেশের মাটিতে কোপা আমেরিকা হয়ে যেতে পারে। ব্রাজিলের শীর্ষ স্থানীয় গণমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, অস্ত্রোপচারের কারণে হয়তো মহাদেশীয় ফুটবলের অন্যতম জমকালো এই টুর্নামেন্টটি হয়তো খেলা হবে না সিলভার।
যদিও, পত্রিকাটি তাদের ওই খবরের কোনো সূত্র উল্লেখ করেনি। তবে, সিলভার স্ত্রী ইসাবেলের ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করা একটি ছবি ছাপা হয়েছে, যেখানে সিলভাকে ফ্রান্সের একটি হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা গেছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এখন শুধুই সুস্থতার অপেক্ষা’।
ইসাবেলে সিলভার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তার স্বামী সম্ভবত হাসপাতালের একটি বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। এরপর বিছনা থেকে উঠে ক্রাচে ভর দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ সময় সিলভার ডান হাঁটু ব্যান্ডেজে মোড়ানো ছিল।
পিএসজির এই সেন্টার ব্যাক গেল ১৪ এপ্রিল ডান হাঁটুর ইনজুরিতে পড়েন। ধারণা করা হচ্ছে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ফিরতে আরো এক মাস সময় লাগবে সিলভার। ব্রাজিলের কোচ তিতে আগামী ১৭ মে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন। ২৩ সদস্যের দলে ৭৮টি ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন সিলভার না থাকার সম্ভাবনাই বেশি।
কোপা আমেরিকা শুরু হবে আগামী ১৪ জুন। শেষ হবে সাত জুলাই। ‘এ’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষরা হলো বলিভিয়া, পেরু ও ভেনেজুয়েলা।