আঁধার ঘরে চাঁদের আলো

কাঁঠালিয়া ও নাঙ্গলকোটে রিকশা চালকের সন্তান বেলাল এবং রেহানা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। শেরপুরে দারিদ্র্যতা জয় করা মেধাবী মুখ উজ্জল। লেখাপড়ার দায়িত্ব নিলেন পৌর মেয়র। চাঁপাইনবাবগঞ্জে ভাল ফল করা আরিফ হোসেন পরিবারের সন্তান। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা। কাঁঠালিয়া (ঝালকাঠি) উপজেলার বিল ছোনাউটা গ্রামের হতদরিদ্র রিকশা চালক বাবুল হোসেনের পুত্র বেলাল বিল ছোনাউটা তোতামিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলেও আর্থিক অনটনের কারণে আদৌ বেলালের পড়াশুনা চলবে কিনা তা নিয়ে তার চিন্তিত পরিবার। বেলালের পিতা বাবুল হোসেন রিকশা চালিয়ে ও মানুষের বাড়িতে কামলা খেটে যা উপার্জন করেন তা দিয়ে কোনমতে ৬ সদস্যের সংসার চলে। তার পক্ষে ভালো কোনো প্রতিষ্ঠানে সন্তানকে পড়ানো সম্ভব নয়। সহপাঠির ধার করা বই দিয়েও পড়তে হয়েছে তাকে। অদম্য ইচ্ছা ও প্রচেষ্টার কারণেই মেধাবী বেলাল এ ফলাফল করতে পেরেছে। সে ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। নাঙ্গলকোট (কুমিল্লা) নাঙ্গলকোটের দরিদ্র রিকশা চালকের মেয়ে রেহানা আক্তার উপজেলার মাহিনী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। দারিদ্র্যতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম এবং মনোবল তার সফলতার পেছনে কাজ করেছেন বলে রেহানা আক্তার জানান। উত্তর মাহিনী গ্রামের রেহানার রিকশা চালক বাবা মোহাম্মদ হোসেন সারাদিনের হাড়ভাঙ্গা পরিশ্রম করে মেয়ের পড়ালেখার খরচ জুগিয়েছেন। বিভিন্ন সময় বাবার অক্ষমতায় লেখাপড়ার খরচ যোগাতে তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এসেছেন। বাড়িতে লেখাপড়ার পরিবেশ না থাকায় নানার বাড়িতে লেখাপড়া করতেন। কিন্ত বাবার পক্ষে এখন লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব নয় বলে রেহানা জানান। তাই রেহানা তার ভবিষ্যত্ নিয়ে শংকিত। তার ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করা। শেরপুর ছেলেটির নাম উজ্জল হলেও পরিবারের অবস্থা খুবই অনুজ্জল। সংসারে সব কিছুই বাড়ন্ত। দিনমজুর বাবার সংসারে মাঝে মাঝে তাকে কাজেও যেতে হয়। স্কুলে পড়ালেখা চলেছে এলাকাবাসী আর স্যারদের সহায়তায়। এসএসসির ফরম ফিলাপের টাকাও ছিলো না। এলাকার কাউন্সিলরের বদান্যতায় পৌর মেয়র ছেলেটির ফরম ফিলাপ করে দেন। এত অভাব এবং দারিদ্র্যতা স্বত্বেও লক্ষ্য বিচ্যুত হয়নি উজ্জল। সকল প্রতিকূলতাকে জয় করে উজ্জল সরকারি ভিক্টোরিয়া একাডেমী থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়ে পরিবার এবং এলাকাবাসীর মুখ উজ্জল করেছে। তার এ ফলাফলে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান এগিয়ে এসেছেন উজ্জলের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে। চাঁপাইনবাবগঞ্জ পদ্মার ভাঙ্গনে সর্বহারা পরিবারের সন্তান আরিফ হোসেন। শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামে বাড়ি হলেও তীব্র নদী ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে আরিফের পরিবার বর্তমানে বাস করছে একই উপজেলার বহালাবাড়ি গ্রামে। ভিটামাটিহারা পরিবারের সন্তান আরিফ হোসেন লেখাপড়া করে রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে। আরিফ হোসেনের জিপিএ-৫ প্রাপ্তিতে সকলেই বিস্মিত। তার ভাই-বোন সংখ্যা ৮ জন। ভবিষতে সে ডাক্তার হতে চায়। কিন্তু এই হতদরিদ্র পরিবারের সন্তান কি সেই সুযোগ পাবে। পিতা আশরাফুল হক একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাতা গৃহিণী।