নওগাঁয় সাইকেল আরোহী দুই পর্যটক

বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতেই মেহেরপুর সরকারি কলেজের দুই ছাত্র সাইকেলে পুরো বাংলাদেশ পরিভ্রমণের অংশ হিসেবে গত সোমবার নওগাঁ অতিক্রম করেছেন। ওই কলেজের বাংলাবিভাগের ৩য় বর্ষের ছাত্র নূর ইসলাম ও মনিরুল ইসলাম ১২ মে মেহেরপুর থেকে তাঁদের যাত্রা শুরু করেন। মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হয়ে রবিবার রাতে নওগাঁ এসে পৌঁছান। সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে থেকে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওয়ানা দেন তাঁরা। এসময় প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েসউদ্দিন, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান জয়, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।