বেনাপোল বন্দরে ৬ জন কর্মচারী আটক
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৩৫
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের ইস্যুকৃত পরিচয়পত্র ছাড়া বন্দর অভ্যন্তরে প্রবেশের অপরাধে সিএন্ডএফ এজেন্ট ও ট্রান্সপোর্ট এজেন্সির ৬জন কর্মচারীকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। আটকের প্রতিবাদে গত সোমবার সকাল থেকে বেনাপোল বন্দরসহ কাস্টমস হাউজের সকল ধরনের কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ কর্মচারীরা। ফলে বন্দর দিয়ে সকাল থেকে আমদানী-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আটককৃতরা হলো, আব্দুস সালাম, উজ্জল,হাবিবুর, রুবেল,মিলন ও জাহিদ।
বন্দর পরিচালক তোফাজ্জেল হোসেন জানান, বন্দরের উপদেষ্টা কমিটির সভাপতি নৌবন্দর ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি ১৮ মে বন্দরে এক মতবিনিময় সভায় পরিচয়পত্র ছাড়া কোন লোক প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তার সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার বন্দর অভ্যন্তরে অভিযান চালিয়ে ৬জন কর্মচারীকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, পোর্ট কর্তৃপক্ষ ৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।