তানোরে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির দমদমা গ্রামে রবিবার রাতে গৃহবধূ রনি বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ওই গৃহবধূর শ্বাশুড়ি রোকেয়া বেগমকে গ্রেফতার করেছে। তবে নিহতের স্বামী আব্দুস সালাম ও শ্বশুর আব্দুস সামাদ পলাতক রয়েছে। আব্দুস সালামের সঙ্গে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বকশিগঞ্জ মিয়াপাড়ার বাসিন্দা রহিনালের মেয়ে রনি বেগমের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সালাম ও তার পরিবারের সদস্যরা রনি বেগমের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিলো। এনিয়ে রবিবার রাত সাড়ে ৮টায় খাবার টেবিলে সালাম ও গৃহবধূ রনি বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুস সালাম ও তার পিতা-মাতা অমানবিক নির্যাতনের এক পর্যায়ে রনি বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর শয়ন কক্ষে শাড়ির আঁচল দিয়ে লাশ ঝুলিয়ে রাখেন।