রাফায়েল নাদাল মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। গত বুধবার রাতে তিনি কানাডার কিশোর ফেলিক্স অগার আলিয়াসিমেকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে বিপক্ষ হিসেবে পান যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ৩২ বছর বয়সী নাদাল এবার মাদ্রিদ ওপেনে ষষ্ঠ শিরোপার জন্য লড়ছেন। যদিও চলতি মৌসুমে এখনো তিনি কোনো শিরোপা জিততে পারেননি। তার মধ্যে তিনি খেলতে এসেছেন বার্সেলোনা ও মন্টে কার্লোতে শেষ চারে হেরে। মূলত ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে আসা নাদাল এ প্রসঙ্গে বলেন, ‘পেটে ভাইরাসের সংক্রমণের কারণে আমার বেশ কটা দিন খুব কঠিন গেছে। কাজেই জয় পাওয়াটাই আসল কথা। ফেলিক্স অনেক বড় প্রতিপক্ষ। সে বড় চ্যাম্পিয়ন হবে। প্রথম রাউন্ডটা খেলা কঠিন ছিল। তাই জিততে পেরে আমি আনন্দিত।’