রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপির ঐক্য কেন প্রয়োজন?

একটি দেশ যখন মধ্য আয়ের দেশ হিসেব এগিয়ে যায় তখন তার অনেক কিছুর পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তার মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যতম। স্বল্পোন্নত দেশের খোলস বদলাতে হলে দেশের রাজনীতিতে আনতে হবে আমূল পরিবর্তন। নির্বাচনের পদ্ধতি এবং তার রূপরেখা নিয়ে দেশের মধ্যে যে ভয়াবহতা বিরাজ করছে তা অতিসত্বর নিরসন করা জরুরি। অরাজকতার কারণে দেশের অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়েছে। হরতাল এবং অসহিষ্ণুতায় দেশের গার্মেন্টস সেক্টরে বিপর্যয় নেমে এসেছে। নৈরাজ্যের কারণে অনেক গার্মেন্টস সময়মতো পোশাক জাহাজিকরণ করতে ব্যর্থ হয়েছে। তার জন্য বড় ধরনের মাশুল দিতে হয়েছে এ সেক্টরের মালিকদের। শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক দেশের পোশাক ক্রেতা বাংলাদেশ থেকে চলে গেছে। যারা আছে তারাও যাবার পথে। এ যখন পরিস্থিতি তখন রাজনৈতিক অবস্থার পরিবর্তন এবং নেত্রীদ্বয়ের মানসিকতার পরিবর্তন সাধন দেশের জন্য অপরিহার্য হয়ে দেখা দিয়েছে। নির্বাচন কোন আঙ্গিকে হবে তা নির্ধারণ করা তেমন জটিল কাজ নয়। কিন্তু যে দল যখনই ক্ষমতার মসনদে আরোহন করে তখন তাদের আবার ক্ষমতায় যায়ার নীলনকশা দেশের মধ্যে ভয়াবহ পরিবেশ তৈরি করে। রাজনীতিতে নীতি এবং নৈতিকতার বালাই না থাকার কারণে দেশের স্বাভাবিকতা নষ্ট হচ্ছে। বাংলাদেশ অনেকাংশে প্রবাসী রেমিটেন্স এবং গার্মেন্টস সেক্টরের ওপরই নির্ভরশীল। এ পরিস্থিতিতে অরাজকতার মাধ্যমে এ সেক্টরে ধস নামলে তা পুরো দেশের অর্থনীতির জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া গার্মেন্টস মালিকদের স্বেচ্ছাচারিতায় অনেক শ্রমিক মারা যাওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এজন্য অনেক দেশ জিএসপি সুবিধা বাতিল করতে চায়। চর্তুমুখী চাপে দেশের ব্যবসা এবং বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাসী রেমিটেন্স বর্তমানে অগ্রগামী রয়েছে। সেভাবে গার্মেন্টস সেক্টরও এগিয়ে যাচ্ছিল সমান তালে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীলতা এবং মালিকদের নির্দয়তার কারণে এ খাত এখন হুমকির মুখে। শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতাই দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মূলত বাংলাদেশে শ্রমিক ব্যয় অনেকটা কম। সে কারণে বিশ্বের বড় বড় পোশাক ক্রেতা বাংলাদেশে এসে ভিড় করছেন। দেশও সেভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপিই এখন সামনে এসে দাঁড়াচ্ছে না, সেসঙ্গে জামায়াত এখন অরাজকতায় প্রথম স্থান দখল করেছে। আর তার সুযোগ তৈরি করে দিচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। তাদের ঘাড়ে সওয়ার হয়ে জামায়াত শিবিরের নৈরাজ্যর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাই মধ্য আয়ের একটি দেশের আশা যদি আমাদের করতে হয় তাহলে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের আমূল চিত্র পালটাতে হবে। দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। তাই দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যের বিকল্প নেই। মুন্সীগঞ্জ