চীনে আর্চারিতে দলগত ইভেন্টে শেষ চারে হার বাংলাদেশ দলের

বাংলাদেশ আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ টুর রিকার্ভ পুরুষ দলগত বিভাগে দারুণ খেলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে তুরস্কের কাছে হেরে গেছে ।

চীনের সাংহাইতে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় গতকাল বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে মোহাম্মদ আব্দুল হাকিম রুবেল, রোমান সানা ও তামিমুল ইসলামে গড়া বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে।

এরপর কোয়ার্টার-ফাইনালে ভারতকে ৫-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলেও জিততে পারেনি। এখন ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

রিকার্ভ এককের সেরা ষোলোতে ওঠার লড়াইয়ে ঝরে পড়ে বাংলাদেশের প্রতিযোগীরা। নেদারল্যান্ডসের প্রতিযোগীর কাছে ৬-৪ সেট পয়েন্টে হারেন রোমান। আর দক্ষিণ কোরিয়ার আর্চারের কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের রুবেল।