নজরুল একাডেমীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন

দেশের প্রাচীনতম বেসরকারি নজরুল চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন, শিল্পী খালিদ হোসেনকে নজরুল সঙ্গীত সাধনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল একাডেমী সংবর্ধনা ২০১৩’ প্রদান, নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুশতারী সম্মাননা ও নজরুল একাডেমী পত্রিকা প্রকাশ উপলক্ষে ২৩ থেকে ২৫ মে সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন এবং মগবাজারে নজরুল একাডেমীর নিজস্ব মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উদ্বোধনী দিনে বিকাল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পী খালিদ হোসেনের জীবনী ও মানপত্র পাঠ ও তাকে নজরুল সঙ্গীত সাধনায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নজরুল একাডেমী সংবর্ধনা ক্রেস্ট ২০১৩’ ও মানপত্র প্রদান করা হবে। দ্বিতীয় দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় নজরুল একাডেমী নিজস্ব মিলনায়তনে নজরুল উত্সব মে ২০১৩ অনুষ্ঠিত হবে। সমাপ্তি দিবসে সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে নজরুল একাডেমীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি