ভাণ্ডারিয়ায় মহাসেনের পর কুড়িয়ে পাওয়া শিশুটি কার
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৩৭
গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতের পর উপজেলার ধাওয়া ইউনিয়নের ষষ্ঠমের খালপাড় সংলগ্ন একটি পরিত্যক্ত বাগান থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যাটি কার সেই প্রশ্নের জবাব মেলেনি। জানা গেছে, ঐদিন দুপুরে একই এলাকার জুয়েল খানের স্ত্রী হাফিজা বাগানে ঝরেপড়া আম কুড়াতে গেলে একটি শিশুর কান্নার শব্দ পান। শিশুটিকে উদ্ধার করে তিনি নিজ বাড়িতে নিয়ে আসেন। এ খবর জানাজানি হলে আনুমানিক ১৫/২০ দিনের ওই শিশুটিকে দেখতে প্রতিদিন উত্সুক মানুষ ভিড় করছে।
ভাণ্ডারিয়া থানার এস আই শংকর তালুকদার জানান, শিশুটির বিষয় লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসারকে তিনি অবহিত করেছেন। কুড়িয়ে পাওয়ার পর থেকে হাফিজা শিশুটিকে লালন পালন করে আসছেন। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ইত্তেফাককে জানান, শিশুটির ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে, একই এলাকার এক সৌদী প্রবাসীর নিঃসন্তান স্ত্রী শিশুটিকে দত্তক নিতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুর রশিদ জানান, আদালতের সিদ্ধান্ত ছাড়া কিছু করার নেই।