এভারেস্ট জয় করেও দেশে ফিরতে পারলেন না সজল

সজল এভারেস্ট জয় করেছেন। বাংলাদেশ দূতাবাস এখবর নিশ্চিত করেছে। চারিদিক থেকে গণমাধ্যমের কর্মীরা ঘিরে ধরেছেন শৈলীকে। সজলের স্ত্রী হিসেবে তার অনুভূতির কথা জানাতে হবে। সজলকে আনতে শৈলীসহ বন্ধু-বান্ধবরা যাবেন নেপাল। দেশের মানুষ আর এক এভারেস্ট জয়ীকে বরণ করে নেবে। এমনটা হওয়ার কথা থাকলেও সজল বিজয় নিয়ে দেশে ফিরতে পারলেন না। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেও মৃত্যুর কাছে হার মানলেন তিনি। যার পুরো নাম মোহাম্মদ খালেদ হোসেন সজল। তার স্ত্রী বার বার কেঁদে বলছিলেন সজল সবসময় কথা রাখে। এবার কেন রাখবে না? গতকাল এভারেস্ট জয় করে নামার সময় অক্সিজেন স্বল্পতায় তিনি মারা গেছেন বলে জানা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এ সময় তার সঙ্গী ছিলেন দক্ষিণ কোরিয়ার অধিবাসী পর্বতারোহী সু হো সিও। দুর্ঘটনায় তিনিও মারা গেছেন। নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক এই খবর পেয়েছেন বলে ইত্তেফাককে জানান। পর্বতারোহী সজল খালিদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি শোক প্রকাশ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় মো. খালিদ হোসেন সজল এভারেস্ট জয় করেন বলে নেপাল থেকে জানা যায়।