বেনাপোলে আমদানি বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে ধস

দেশের বৃহত্ স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি অর্থ বছরের গত ১০ মাসে ভারত থেকে ৩৬ হাজার ৮৮ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে। এ সময়ে বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকার পণ্য। হরতাল অবরোধসহ রাজনৈতিক অস্থিরতার কারণে রফতানি বাণিজ্যে ধস নামতে শুরু করেছে। কাস্টমসে রাজস্ব আদায় কমে এসেছে। রাজনৈতিক অস্থিরতা আর ঘন ঘন বন্দর অচলাবস্থা, বন্দরের সেড থেকে প্রায়ই মালামাল চুরির ঘটনা বৃদ্ধির ফলে বেনাপোল বন্দর ছেড়ে ব্যবসায়ীরা অন্য বন্দর দিয়ে মালামাল আমদানি-রফতানি করছেন। এতে সরকারের রাজস্ব আদায়ে লক্ষমাত্রা পূরণ না হওয়ার আশংকা করছেন কাস্টমস কর্মকর্তারা। গত বছরের ন্যায় এ বছরে বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানী তিন গুণ রাড়লেও রাজস্ব আদায় অর্ধেকে নেমে এসেছে। কারণ আমদানিকৃত অধিক শুল্ক আদায়ের পণ্য আদমানিকারকরা চুরি হওয়ার ভয়ে অন্য বন্দর দিয়ে আমদানি করছেন। চলতি অর্থ বছরের ১০ মাসে বেনাপোল বন্দর দিয়ে ৩৬ হাজার ৮৮ কোটি টাকা মূল্যের ২৮ লাখ ৬৯ হাজার ২৬৭ টন পণ্য আমদানি করা হয়েছে। রফতানি হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা মূল্যের ৫৩ লাখ ৮১ হাজার ৯৭ টন পণ্য। ২০১১-১২ অর্থ বছরে আমদানি হয়েছিল ১৪ হাজার ৬০৫ কোটি টাকার ১১ লাখ ৯৮ হাজার ৪৩ টন পণ্য। রফতানি করা হয়েছিল ২ হাজার ৬৬৫ কোটি টাকা মূল্যের ৪৬ লাখ ৪০ হাজার ৪৪৩ মে. টন পণ্য। চলতি ২০১২-১৩ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউজকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২ হাজার ৬২০ কোটি টাকা। প্রতি মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২২১ কোটি ৬১ লাখ টাকা ধরা হলেও আদায় হচ্ছে ১২৩ কোটি ৬৫ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান জানান, বর্তমান বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত পণ্য যেমন, গার্মেন্টস সামগ্রী, পোল্ট্রি ফিড, তুলা ও গম বেশি আমদানি হচ্ছে। আবার বেশির ভাগ রফতানী পণ্যও শুল্ক মুক্ত। যে কারণে আমাদের আমদানী বাড়লেও রাজস্ব আদায় বাড়েনি।