ভারতের জন্য বাজার উন্মুক্ত করার অঙ্গীকার চীনের প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৩৭
ভারত সফররত চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং চীনের বিশাল বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বিশাল বাণিজ্য ঘাটতি হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল মঙ্গলবার চীনা প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে এফআইসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের বলেন, আমি আস্থাবান যে আমরা আমাদের দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সক্ষম হবো। চীনের অনুকূলে বিরাট বাণিজ্য ঘাটতি নিয়ে ভারতের উদ্বেগের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সীমান্ত সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানে দুই দেশই বিচক্ষণ। খবর এএফপি ও এনডিটিভির। ক্ষমতা গ্রহণের দুই মাস পর বৃহত্তম ব্যবসায়িক অংশীদার ভারত সফরে আসা লি বলেন, চীন কর্তৃপক্ষ দেশের অভ্যন্তরীণ বাজারে অধিকসংখ্যক ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ করে দিতে ইচ্ছুক। লি তার বক্তৃতায় ভারতের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন। লি বলেন, চীন উপলব্ধি করে যে, দুই দেশের মধ্যে সুসম্পর্কের জন্য ‘ভারসাম্যপূর্ণ বাণিজ্য’ খুবই গুরুত্বপূর্ণ। আমরা চীনের উদ্যোক্তাদের ভারতে বিনিয়োগে এবং চীনের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে সহায়তা করবো। এছাড়া লি এশীয় অঞ্চলের সমৃদ্ধি বাড়াতেও সহযোগিতার অঙ্গীকার করেন।
ভারত ও চীনের মধ্যকার মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ গত অর্থবছর থেকে এবছর মার্চ মাসে ছিল ৬৭ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। ২০১৫ সাল নাগাদ তা ১০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। লি একটি ‘গতিশীল বাণিজ্য ভারসাম্য’ চান উল্লেখ করে বলেন, দুই দেশের বিশাল বাজারের বিপুল সম্ভাবনা রয়েছে।