প্রবল বর্ষণে বরিশাল শহরে হাঁটু পানি
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৩৮
বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় প্রবল বর্ষণে জলাবদ্ধতাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বরিশাল শহরে হাঁটু পানি জমে গেলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এসময় রিকশা উল্টে ২ যাত্রী আহত হন। এছাড়া সাতক্ষীরার তালায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বরিশাল অফিস জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডসহ বিভিন্ন এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। নগরীর কাউনিয়ায় বৃষ্টির মধ্যে চলতে গিয়ে রিকশা ড্রেনে পড়ে দু’ যাত্রী আহত হন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। নগরীর অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বরিশাল আবহাওয়া অফিস জানায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দু’ ঘন্টার এ প্রবল বৃষ্টিপাতের কারণে জনজীবন অচল হয়ে পড়ে। থমকে দাঁড়ায় সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা।
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সোমবার রাতে ঝড়ের সময় উপজেলার দাদপুর গ্রামে বজ্রপাতে মনির উদ্দীন (৬০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। বাড়ির বারান্দায় বসে থাকার সময় বজ্রপাত আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, মঙ্গলবার সকালে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে উপজেলায় ফসল ও রোপা আমনের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি ইউনিয়নের সদ্য লাগানো রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করতে পারলে তলিয়ে যাওয়া এসব রোপা আমন পচে যাবে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের মাঠে মাঠে পাকা ইরি - বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। ভুট্টা, কুমড়া, বাঙ্গি, মরিচ, বরবটি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, মঙ্গলবার দিনভর ভারী বর্ষণে রায়পুর উপজেলার বামনী, সাগরদি, কেরোয়া গ্রামসহ উপজেলার বিস্তৃীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় আবাদকৃত সয়াবিনের অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। বহু খামারের মাছ পানিতে ভেসে গেছে। পৌর শহরসহ বিভিন্ন এলাকায় বাড়ি-ঘর ও উঠানে পানি উঠায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।