আশুলিয়ায় পুলিশের সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৩৯
সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ থামেনি। গতকাল মঙ্গলবার সকালে বেতন-ভাতা বৃদ্ধি, বন্ধ কারখানা খুলে দেয়ার দাবি তুলে শ্রমিকরা আশুলিয়ার নবসিংহপুর , ঘোষবাগ এলাকায় বিক্ষোভ করে। এ সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালায়। পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে লাঠি চার্জের পাশাপাশি রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। দফায় দফায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত শ্রমিক। এ ঘটনার পর আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে যে কোন কারখানায় ক্ষুব্ধ শ্রমিকরা হামলা ভাংচুর করতে পারে এ আশংকায় আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুর, ঘোষবাগ, জিরাব এলাকার অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ ।
গত দুদিন নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সকাল থেকে শিল্পাঞ্চলটি শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। সকালে নরসিংহপুর এলাকায় অবস্থিত মেডলার এ্যাপারেলস নামক বন্ধ কারখানাটি খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার মূল ফটক খুলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে দাফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ চলে। এদিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার নাসা গ্রুপ ও এজি গ্রুপের শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ও অনন্ত গ্রুপের শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে এসে মূল ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে যোগ দেয় আশেপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। তারা বিক্ষোভ প্রদর্শন শেষে টঙ্গি, আশুলিয়া সড়ক অবরোধ করে। ভাংচুর চালায় বেশ কয়েকটি যানবাহনে। একপর্যয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের দু’পাশে অবস্থিত বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা চালায় । পুলিশ এ সময় শ্রমিকদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দফায় দফায় লাঠি চার্জের পাশাপাশি পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা সকালে বিক্ষোভ প্রদর্শন করে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল গামেন্টর্স ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিলে এ ধরনের শ্রমিক অসন্তোস সৃষ্টি হতো না ।