দেশে তিন সরকারের শাসন চলছে :মওদুদ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই দেশে তিনটি সরকার বিরাজমান। একটি হলো প্রধানমন্ত্রীর সরকার, দ্বিতীয়টি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার এবং আরেকটি হলো স্থানীয় সরকার মন্ত্রীর সরকার। তিনি বলেন, প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সারা বাংলাদেশে এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। পরে তিনি বললেন আইন-শৃঙ্খলা রক্ষার জন্য শুধু রাজধানীতে এই বিধি-নিষেধ। স্থানীয় সরকার মন্ত্রী বললেন, এটি এক মাসের জন্য শুধু ঘূর্ণিঝড়ের দুর্যোগের কারণে দেয়া হয়েছে। অন্যদিকে তথ্য মন্ত্রী বলেছেন আরেক রকম। এতে মনে হয় সরকারের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।
‘সংবিধান লংঘন করে দেশে সভা-সমাবেশ নিষিদ্ধকরণের’ প্রতিবাদে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন। সমিতির সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি প্রমুখ।