প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে দুইদিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বেলা ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংসদ উপনেতা বেগম সাজেদা চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম প্রমুখ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত রবিবার থাইল্যান্ডের চিয়াংমাইতে যান। সোমবার তিনি পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। এসময় তিনি বিশ্বজুড়ে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনকে ২০১৫ সাল পরবর্তী জাতিসংঘ উন্নয়ন লক্ষ্যমাত্রার ‘মূল এজেন্ডায়’ পরিণত করার আহ্বান জানান। সফরকালে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান এবং থাই-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।