উত্তরবঙ্গে আদিবাসীদের পৃথক ভূমি কমিশনের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪১
উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের জীবনের সঙ্কট মোচনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দিনাজপুরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আগত আদিবাসী সমপ্রদায়ের নারী-পুরুষরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন: স্বাধীনতার ৪২ বছরে আদিবাসীদের ভাগ্যের পরিবর্তন হয়নি বরং রাষ্ট্র আদিবাসীদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। দেশের নাগরিক হিসেবে আমরা এ বৈষম্যর অবসান চাই।
মানববন্ধন শেষে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি শীতল মার্ডি ও সাধারণ সম্পাদক আলেকজান্ডার হাসদার নেতৃত্বে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।