৬ দফা দাবি না মানলে নীলফামারীতে কাল থেকে পরিবহন ধর্মঘট

ছয় দফা দাবিতে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি জেলা প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছে মালিক সমিতি। গতকাল মঙ্গলবার সৈয়দপুরে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দাবির মধ্যে রয়েছে নীলফামারীস্থ তথাকথিত সড়ক পরিবহন মালিক গ্রুপ কর্তৃক অবৈধ নীলফামারী-রংপুর ভায়া সৈয়দপুর রুটে গাড়ি চলাচল বন্ধ, জেলার অভ্যন্তরীণ রুটে পূর্বের ন্যায় গাড়ি চলাচল অব্যাহত ও চাঁদাবাজি বন্ধ। এদিকে আশপাশের বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি নীলফামারীর যাত্রীবাহী বাস চলাচলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার বিশিষ্টজনেরা। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, নীলফামারী থেকে অন্য কোন জেলার সরাসরি বাস যোগাযোগ না থাকায় এ জেলার মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।