চট্টগ্রামে সৌরশক্তির সড়ক বাতি নিয়ে এখনো অনিশ্চয়তা

প্রতি রাতে এখন চট্টগ্রামকে গ্রাস করছে গাঢ় অন্ধকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার কর্মীরা প্রধান প্রধান সড়কে শত শত এনার্জি সেভিং বাতি এবং অলিগলিতে টিউবলাইট লাগিয়েও এই আঁধার দূর করতে পারছেন না। তারা স্বীকার করেছেন এনার্জি সেভিং বাতি এবং টিউবলাইট যেগুলো গত কয়েক বছর ধরে ব্যবহার করছেন সেগুলোর আলোর আধিক্য বা ইনটেনসিটি কম। তার উপর এসব বাতি ঘন ঘন নষ্ট হয়ে যায়। প্রতি মাসে বাতির যোগান দিতে কর্পোরেশনের প্রকৌশল শাখার অবস্থা কাহিল। সৌর বিদ্যুতের টাকার অভাবে সড়ক বাতির নাজুক অবস্থা দূর করা যাচ্ছে না এবং নতুন প্রকল্পও অনুমোদিত হচ্ছে না। নগরীর সিংহভাগ এলাকায় একসময় হলুদ আলোর সোডিয়াম বাতিও আর নেই। সিটি কর্পোরেশনের ব্যর্থতায় রাতের চট্টগ্রাম নগরীতে ভূতুড়ে অন্ধকার। অন্ধকারে নগরবাসীর নিরাপত্তাও হুমকির মুখে। নগরীর ৪১টি ওয়ার্ডের সিংহভাগ এলাকাতেই এই করুণ অবস্থা বিরাজ করছে বলে জানান কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর। তারা বলেনঃ ‘আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি অলিগলিতে নাহোক অন্তত: প্রধান সড়কগুলোতে যাতে এনার্জি সেভিং বাতি হলেও জ্বলে।’ এদিকে ৬০ বর্গমাইলের চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার সদরঘাট থেকে কালুরঘাট, পতেঙ্গা থেকে জালালাবাদ সর্বত্র রাতের চট্টগ্রাম এক অচেনা অন্ধকার নগরীতে পরিণত হচ্ছে। নগরীর প্রান্তিক এলাকাগুলোর মধ্যে চান্দগাঁও হামিদচর, কালুরঘাট, বাকলিয়া, চকবাজার, খতিবেরহাট, শোলকবহর, দেওয়ানবাজার, ঘাটফরহাদবাগ, পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার, অভয়মিত্রঘাট, মাদারবাড়ী, আইসফ্যাক্টরী সড়ক, বাংলা বাজার, পতেঙ্গা, হালিশহর, ফইল্যাতলী, কাট্টলি, পাহাড়তলী, বায়েজিদ, শেরশাহ কলোনী, অক্সিজেনসহ আরো অনেক এলাকা এখন রাত হলেই ডুবে যাচ্ছে অন্ধকারে। বারেক বিল্ডিং থেকে বহদ্দারহাট পর্যন্ত বিশ্বরোড সিডিএ এভেনিউর কোথাও এখন আর সড়কবাতি হিসাবে সোডিয়াম বাতি জ্বলছে না। তার সাথে ভিআইপি এলাকা খুলশি, বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, কেসিদে রোড, নিউমার্কেট, ইপিজেড এলাকা, অলংকার সর্বত্র এখন সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বিদ্যুত্ কর্মীরা স্বল্প আলোর এনার্জি সেভিং বাতি দিয়ে কোনোরকমে সড়কে আলো ছড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। অলিগলিতে টিউবলাইটও দেয়া হচ্ছে না পর্যাপ্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিদ্যুত্ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক ইত্তেফাককে জানান, সিটি কর্পোরেশন এলাকার সড়কগুলোকে সোডিয়াম বাতি দিয়ে পুনরায় আলোকিত করার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তবে কবে নাগাদ বাস্তবায়িত হবে জানাতে পারেননি। তিনি জানান, বর্তমানে প্রধান প্রধান সড়কসহ ৭৭ শতাংশ এলাকাকে এনার্জি সেভিং বাতির আওতায় আনা হয়েছে। বাদবাকি এলাকাগুলোতে দেয়া হচ্ছে টিউবলাইট। তিনি স্বীকার করেন এনার্জি সেভিং বাতির আলো ছড়ানোর ক্ষমতা কম। পাশাপাশি টিউবলাইটগুলোর স্থায়িত্বকাল কম। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীতে বৈদেশিক সহযোগিতায় সৌরশক্তি চালিত স্বয়ংক্রিয় সড়কবাতি স্থাপনের যে প্রকল্পটি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিলো তা পুনরায় বাস্তবায়িত হওয়ার ক্ষীণ আশা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই একটি মিটিং ডাকা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম মহানগরীতে রাতে যেটুকু আলো দেখা যাচ্ছে তার বেশিরভাগ আসছে সড়ক পাশের দোকানপাট, শপিং মল, শো-রুম, কী পয়েন্ট ইনস্টলেশন, কমিউনিটি সেন্টার ইত্যাদির আলোকসজ্জা থেকে।