লোহাগড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতার দাফন সম্পন্ন

এলাকার আধিপত্য নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহত নড়াইলের লোহাগড়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ফকিরের (৩৪) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আছর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত তনু ফকির লোহাগড়া থানার কুমড়ি গ্রামের বাবু ফকিরের ছেলে। এদিকে তৌহিদুল ইসলাম তনু ফকিরের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সন্ত্রাসীরা প্রতিপক্ষের কুমড়ি গ্রামের ইসহাক সরদার, মশিয়ার খাঁ, আজাদ খাঁ, ইউছুফ সরদার, জালাল মোল্লা, গোলাপ খাঁ, টুকু শেখের বসতবাড়িসহ কমপক্ষে ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। সন্ত্রাসীরা বাড়ি ভাংচুর করে তাদের গরু, ছাগল, ধান, চাল ও নগদ টাকাসহ প্রায় এক কোটি টাকার ক্ষতি করেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। লোহাগড়া থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী কুমড়ি গ্রামে বাড়িঘর ভাংচুরের বিষয় স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ খসরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার, সহ-সভাপতি তবিবুর রহমান মুন জমাদ্দার, লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুলসহ বিএনপির নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, তোহিদুল ইসলাম তনু ফকির (৩৫) সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিত্সাধীন অবস্থায় সোমবার (২০ মে) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। গত শুক্রবার রাতে তনু ফকির দিঘলিয়া বাজারে সেলুনে বসেছিল। এ সময় ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে।