কুমিল্লা ভার্সিটিতে শিক্ষকের বিরুদ্ধে ফলাফল দুর্নীতির অভিযোগে অনুষদে তালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ফলাফল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ঐ শিক্ষকের শাস্তির জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা তিন অনুষদের অফিসে তালা লাগিয়ে দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমান বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী মো. আতাউল্লাহ বোখারীকে পরীক্ষা না দেয়া সত্ত্বেও রুরাল ডেভলপমেন্ট ইন বাংলাদেশ কোর্সের ৪০ নম্বরের ইনকোর্স পরীক্ষায় ৩০.২৫ নম্বর দিয়েছেন। গত ২ এপ্রিল কুমিল্লার পদুয়ার বাজারের নিকট রেল লাইনের ফিসপ্লেট খুলে ভয়াবহ রেল নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ১৫ এপ্রিল আতাউল্লাহ বোখারীকে গ্রেফেতার করা হয়। সোমবার পর্যন্ত তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ঐ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে ঐ শিক্ষকের বিরুদ্ধে পোস্টার লাগায়।
এ ব্যাপারে সহকারী অধ্যাপক মসিউর রহমান বলেন: “নোটিস বোর্ডে ঝুলানো রেজাল্ট লিস্টে ভুলক্রমে এমন হয়েছে। এটা চূড়ান্ত ফলাফল নয়, কখনোই নোটিস বোর্ডে চূড়ান্ত ফলাফল দেয়া হয় না। লোক প্রশাসন বিভাগের সভাপতি মাসুদা কামাল জানান, বিষয়টি মসিউর রহমান আমাকে লিখিত আকারে জানিয়েছেন। ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা।