তত্ত্বাবধায়কের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে
তবারুকুল ইসলাম, লন্ডন থেকে
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪৩
নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। প্রায় সাড়ে চার বছর লন্ডনে চিকিত্সাধীন বিএনপি’র এই সিনিয়র ভাইস চেয়ারপার্সন বলেন, বিএনপি’র ঐক্যের প্রতীক এর তৃণমূল নেতা-কর্মীরা। ওয়ান ইলাভেনের সময় তারা তা প্রমাণ করেছে। সোমবার পূর্ব লন্ডনের পাম ট্রি হোটেলে যুক্তরাজ্য বিএনপি’র আঞ্চলিক প্রতিনিধিদের মতবিনিময় সভায় তারেক রহমান একথা বলেন। যুক্তরাজ্য বিএনপি’র নতুন কমিটি গঠনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে তারেক রহমানের আগ্রহেই এই সভার আয়োজন করা হয়। নেতা-কর্মীদের হাতাহাতির কারণে প্রথমে সভাটি পণ্ড হয়ে গেলেও পরিবর্তিত ভেন্যুতে তাত্ক্ষণিকভাবে সভাটি আবারো নিয়মিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শায়েস্তা চৌধুরী কুদ্দুস। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৭ মার্চ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিত্সার জন্য তারেক রহমান লন্ডনে যান।
স্থানীয় সময় একটায় এ সভা শুরু হলে দাওয়াত না পাওয়া প্রচুর নেতা-কর্মী ঐ অনুষ্ঠানে প্রবেশের জন্য ভিড় জমায়। এ সময় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডেকে সভাটি বন্ধ করে দেয়। এরপর তাত্ক্ষণিকভাবে পূর্ব লন্ডনের পাম ট্রি হোটেলে সভাটি স্থানান্তর করা হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের ক্ষেত্রে চরম বিপর্যয় চলছে। এ সরকারের আমলে ২০ জন সাংবাদিক খুন হয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের দুর্নীতির কথা জেনে যাওয়ার কারণে সাগর-রুনিকে পৃথিবী থেকে বিদায় করে দেয়া হয়েছে।