বটিয়াঘাটায় টিআরের চাল আত্মসাত্ নিয়ে তুলকালাম

উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের নোয়াইলতলা বড়হাজিরাবাদ গ্রামে টেস্ট রিলিফের (টিআর) চাল আত্মসাতের অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটেছে। অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রামবাসী বিক্ষোভ এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছে। গ্রামের ৭৬ ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে এমপি এবং উপজেলা পরিষদের মাধ্যমে টেস্ট রিলিফের ৫টি প্রকল্পে মোট ২৪ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। প্রকল্প গুলোর সভাপতি ইউপি সদস্য জিয়াউর রহমান শেখ চাল উত্তোলন করেও নোয়াইলতলা পূর্বপাড়া ঈদগা ময়দান সংস্কার বাবদ ২ টন ও কন্যাডুবি খেয়াঘাট মেরামতের জন্য ১ টন চালের কাজ বিন্দুমাত্র না করেই সম্পূর্ণ আত্মসাত করেন। এছাড়া উপজেলা পরিষদ কর্তৃক বরাদ্দ নোয়াইলতলা বাজার থেকে কন্যাডুবি খেয়াঘাট পর্যন্ত রাস্তার মাটির কাজের জন্য ৬ টন, নোয়াইলতলা থেকে বড় হাজিরাবাদ রাস্তার কাজে ৭ টন ও বড়হাজিরাবাদ থেকে ভান্ডারকোট অভিমুখে রাস্তায় মাটির কাজে ৮ টনসহ মোট ২১ মেট্রিক টন চালের সামান্য কাজ করে বাকি চাল আত্মসাত করেন। একজন ইউপি সদস্য উন্নয়ন কাজের টাকা এভাবে আত্মসাত্ করায় এলাকাবাসীর পক্ষ থেকে কবির আকুঞ্জি, মোস্তাফিজুর রহমান খোকন, মামুদ আকুঞ্জি, জাকির হোসেন, সহিদ জোয়াদ্দার, মাহাবুর, আসলামসহ সচেতন ব্যক্তিবর্গ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল ইত্তেফাককে বলেন, যদি চাল আত্মসাত্ হয়ে থাকে তবে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা বলেন, এ সম্পর্কে খোঁজখবর নেয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, আমি এ ব্যাপারে পিআইওকে সার্বক্ষণিক তদারকি করার কথা বলেছি। উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান বলেন, জিয়াকে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প থেকে ৬ মেট্রিক টন চাল দেয়া হয়। তিনি যথাযথ ভাবে কাজ করেছেন। তবে টেস্ট রিলিফের সব প্রকল্প সম্পর্কে খোঁজ নেয়া সম্ভব হয়নি। উপজেলা পরিষদ থেকে বরাদ্দ নোয়াইলতলা বাজার থেকে কন্যাডুবি অভিমুখে রাস্তায় মাটির কাজ প্রকল্পের সম্পাদক মাহাবুর বলেন, জিয়া মেম্বার তাকে কোন কাজে না ডেকে নিজেই কাজ করাবার নামে চালের টাকা আত্মসাত্ করেন। তবে অভিযুক্ত জিয়াউর এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন, কোথাও কোনো অনিয়ম হয়নি।