বাস-সিএনজি সংঘর্ষে চবি ছাত্রসহ নিহত ২
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪৩
বাস-সিএনজি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম আহমেদ ফজলুল মওলা। অন্য জন পাঁচ বছরের এক শিশু। তার পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো ৫ জন আহত হয়েছেন। আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে এ ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাশ স্থগিত করা হয়েছে।
নিহত মওলা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গন্ধপাড়া গ্রামের মৃত আহমেদ ফজলে আকবরের ছেলে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় জোবরা গ্রামের রিয়াজ, নাজমুল, জামাল, ফতেপুর ইউনিয়নের আবু তাহের এবং জালাল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রেলস্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বাস সার্ভিস ‘তরী’ ও একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। পরে দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় আহমেদ ফজলুল মওলা ও ওই শিশুটি মারা যায়।