কর্মচারী নিয়োগে অসন্তোষ
দিমেক হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪৬
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (দিমেক) কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে হাসপাতালের অস্ত্রোপচারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মাস্টাররোলে কর্মরত ওটির কর্মচারীরা কাজ বন্ধ করে দেয়ায় অস্ত্রোপচারের জন্য অপেক্ষমান রোগীদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।
ওটির কর্মচারীরা জানান, তারা দীর্ঘদিন যাবত্ বিনা বেতনে কাজ করছেন ভবিষ্যতে নিয়োগের আশায়। রোগীদের দেয়া বকশিস ছাড়া তারা কোন বেতন ভাতা পান না। অথচ তাদের নিয়োগ না দিয়েই বাইরে থেকে লোক নেয়া হয়েছে। এরই প্রতিবাদে তারা হাসপাতালের কাজ বন্ধ করে দেয়।
হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগে ৪৬ জন কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে। ওটিতে দীর্ঘদিন ধরে কর্মরত ১৩ জন কর্মচারী এই নিয়োগ তালিকায় স্থান না পাওয়ায় তারা তাদের নিয়োগের দাবিতে কাজ করা বন্ধ করে দিয়েছে। ফলে গতকাল মঙ্গলবার সকাল থেকে ওটির কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি জানান, পরবর্তী নিয়োগে ওটিতে কর্মরত কর্মচারীদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হবে।