ক্যায়সা ইয়ে ইশ্ক হ্যায় আজব সা রিস্ক হ্যায়

ভালোবাসার নতুন পাঁচালি

লাইফ ওকে চ্যানেলে বেশির ভাগ সময় ধরে পৌরাণিক কাহিনী, ক্রাইম থ্রিলার, সিরিয়াল দেখানো হয় বলে অনেক দর্শক অভিযোগ করেন। দর্শকদের রুচি ও পছন্দের কথা বিবেচনা করে এখন বৈচিত্র্যময় নানা স্বাদের গল্পনির্ভর সিরিয়াল প্রচারের উদ্যোগী হয়েছে জনপ্রিয় হয়ে ওঠা নতুন এই হিন্দি টিভি চ্যানেল ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়’। রোমান্টিক কমেডি ধাঁচের নতুন এই সিরিয়ালটি দর্শকদের জন্য অনেক আনন্দ এবং বিনোদনের চমক নিয়ে এসেছে। কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক দর্শক আকৃষ্ট করা এই সিরিয়ালের নানা বিষয় তুলে ধরেচেন রেজাউল করিম খোকন ইমরান খান-ক্যাটরিনা কাইফ ও আলী জাফর অভিনীত ‘মেরে ব্রাদার কী দুলহান’ ছবির একটি গান ছিল ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়।’ সবার মুখে মুখে ফিরেছিল গানটি। সেই জনপ্রিয় সিনেমার গানের লাইন নিয়ে নামকরণ করা হয়েছে সিরিয়ালটির। গত ২২ এপ্রিল থেকে লাইফ ওকে টিভি চ্যানেলে চলছে ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক’ সিরিয়ালটি। এর মধ্যে ২০টিরও বেশি এপিসোড দেখানো হয়েছে। ভিন্নস্বাদের রোমান্টিক কমেডি ধাঁচের নতুন এই হিন্দি টিভি সিরিয়ালটি সব বয়সী দর্শককে সমানভাবে আকৃষ্ট করেছে। এই সিরিয়ালের নির্মাতা মনীষ গোস্বামী এর আগে ‘গিত হ্যায় সবসে পেয়ারা’ এবং ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’র মতো দর্শকনন্দিত সিরিয়াল নির্মাণের মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তার এবারের সিরিয়াল ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়’ দর্শকদের জন্য অনেক আনন্দ এবং বিনোদনের চমক নিয়ে এসেছে। এই সিরিয়ালের গল্প সিঙ্গাপুরে বেড়ে ওঠা এক প্রবাসী ভারতীয় তরুণী সিমরান এবং ভারতের হারিয়ানার এক সাধারণ যুবক রাজবীরকে নিয়ে। সিমরান ছোটবেলা থেকেই সিঙ্গাপুরে। ওখানকার পরিবেশে বড় হয়েছে। সুন্দরী স্মার্ট আধুনিকা, স্বাধীনচেতা, খোলামেলা মনের মেয়েটি তার এক বান্ধবীর বিয়ে উপলক্ষে নিজের দেশ ভারতে আসে। বিয়ের অনুষ্ঠানে সিমরানের সঙ্গে দেখা হয়ে যায় রাজবীরের। রাজবীর এমবিএ করা হারিয়ানার এক রক্ষণশীল যৌথ পরিবারের সন্তান। প্রথম সাক্ষাতে সিমরানের সঙ্গে রাজবীরের ঝগড়া বাধে। তারা পরস্পরের প্রতি বিদ্বেষী হয়ে ওঠে। বিয়ের অনুষ্ঠান শেষে সিমরান সিঙ্গাপুর ফিরে যেতে এয়ারপোর্টে উপস্থিত হলে সেখানে রাজবীরকে দেখতে পায়। ভীষণ অবাক হয় সিমরান। একই ফ্লাটে রাজবীরও সিঙ্গাপুর যাচ্ছে কথা বলে জানতে পারে সে। পাশাপাশি তাদের দু’জনের সিট পড়ে। এক সময় সিমরান জানতে পারে সে যে অফিসে কাজ করে সেখানেই নতুন চাকরি নিয়ে যাচ্ছে সে। অফিসে একটি নতুন কাজের দায়িত্ব পড়ে রাজবীর এবং সিমরান দু’জনেরই উপর। অফিসে বস তাদের ক্লায়েন্টকে তাদের পণ্য ক্রয়ের ব্যাপারে আকৃষ্ট করতে স্লাইড তৈরির জন্য ভিন্ন ভিন্ন আইডিয়া দিতে সবাইকে নির্দেশ দেন। সিমরান অনেক মাথা খাটিয়েও কিছুই বের করতে পারে না। সিমরান লুকিয়ে রাজবীরের আইডিয়ার ফাইলটি পড়ে নেয় এবং তা নকল করে অফিসে জমা দেয়। সিমরানের নকল করা আইডিয়াটি অফিস কর্তৃপক্ষ গ্রহণ করে। সব কৃতিত্ব চলে আসে তার দিকে। রাজবীরের আইডিয়া নকল করে মেরে দেওয়ার অপরাধবোধে ভুগতে থাকে সিমরান। সে ক্ষমা চায় রাজবীরের কাছে। নিজের দোষ স্বীকার করে শাস্তি দিতে বলে। এভাবেই রাজবীরের সঙ্গে আগের সব দ্বন্দ্ব বিদ্বেষ ভুলে সিমরানের বন্ধুত্ব গড়ে ওঠে। ওই সময় অফিসের বিরাট সাফল্যে জমকালো পার্টির আয়োজন করা হয়। পার্টিতে অফিসের আরেক সহকর্মী জিমি, যে সিমরানকে পছন্দ করে এবং তাকে একান্তভাবে পেতে চায় রাজবীরকে চ্যালেঞ্জ করে ঈর্ষান্বিত হয়ে। জিমি রাজবীরকে হেনস্তা করতে তার হাতে একটি মদের বোতল দিয়ে বলে সে এটা খেয়ে শেষ করতে পারবে না। রাজবীর দমে না গিয়ে জিমির চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তার আগেই পুরো বোতল শেষ করে ফেলে। এক বোতল মদ খেয়েও সহজ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে রাজবীর। এটা দেখে জিমি অজ্ঞান হয়ে যায়। পরদিন রাজবীর এবং সিমরান একসঙ্গে বেড়াতে যায়। তখন উভয়েই তাদের মনের একান্ত অনুভূতির কথা পরস্পরের কাছে প্রকাশ করে। এ রকম গল্পে এগিয়ে চলেছে রোমান্টিক কমেডি ধাঁচের সিরিয়াল ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়’। এখানে সিমরান চরিত্রে অভিনয় করছেন সুকৃতি কান্দপাল। দর্শক এর আগে তাকে ‘দিল মিল গ্যায়া’ সিরিয়ালে ডা. হূদিমা চরিত্রে দেখেছেন। ‘পেয়ার কী ইয়ে এক কাহানি’ সিরিয়ালে পিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সুকৃতি। ‘রাব সে সোনা ইশক’ সিরিয়ালে জাসবির চরিত্র অভিনয় করেছেন। এবার ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়’ সিরিয়ালে সিমরান চরিত্রে দর্শক ইতোমধ্যে তাকে সাদরে গ্রহণ করেছেন সহজ সাবলীল চমত্কার অভিনয়ের জন্য। এখানে রাজবীর চরিত্রে অভিনয় করছেন অপেক্ষাকৃত নবীন অভিনেতা গৌরব বাজাজ। লাইফ ওকে চ্যানেলে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে দশটায় ‘ক্যায়সা ইয়ে ইশক হ্যায়... আজব সা রিস্ক হ্যায়’ সিরিয়ালটি দেখানো হয়।