জেনিফার লরেন্সের
দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৮:২৪
‘হাঙ্গার গেমস’-এ অভিনয় করেই ২২ বছর বয়সী হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স বড় তারকা বনে গেছেন। পাপারাজ্জিরা সারাক্ষণ তাকে ঘিরে থাকে। জনপ্রিয়তায় স্রোতে পা রেখে ভক্তদের জন্য আরও একটি মুভি উপহার দিলেন তিনি, ‘সিলভার লাইনিং প্লেবুক’। আর এর বদলে পেয়ে গেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সম্প্রতি তিনি আবারও তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন তার নতুন সিনেমা ও হাঙ্গার গেমসের সিক্যুয়েল, ‘হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’। জেনিফার ও ‘ক্যাচিং ফায়ার’-এর গল্পটা শোনাচ্ছেন প্রাঞ্জল সেলিম
‘হাঙ্গার গেমস’ মুক্তি পাওয়ার সময় জেনিফারকে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। কিন্তু জেনিফার সেইসময় বলেছেন, ‘আমি প্রশংসায় থেমে থাকতে চাই না। অভিনয়ের পথটা অনেক সুদূরের। আমি কেবল পথচলা শুরু করেছি। অল্প সময়েই তারকাখ্যাতি আমাকে অনেক অর্থ এনে দিয়েছে। সবকিছুই আমি নিয়মমাফিক উপভোগ করতে চাই।’ সত্যিই তিনি সেই পথ অনুসরণ করছেন। এক এক করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে আসছেন এই তরুণ তারকা। তার সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করতে তাকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় রাখা হয় টাইমসের এক জরিপে। তারকা জরিপের এ ওয়েবসাইটটি তাদের বিশ লাখ চল্লিশ হাজার পাঠকের ভোটে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীর ওই তালিকা প্রস্তুত করে। গত বছর একই তালিকার ৪৭তম স্থানে থাকা জেনিফার এবার উঠে এসেছেন সোজা এক নম্বরে।
পথচলার শুরু
প্রথম আলোচনায় এসেছেন ‘উইন্টারস বোন’ ছবিটি দিয়ে। সেখানে ডলির ভূমিকায় অনবদ্য অভিনয় করে লরেন্স শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অস্কার, গোল্ডেন গ্লোবসহ বিশ্বের নামকরা সব চলচ্চিত্র পুরস্কারে। পুরস্কারও জিতেছেন বেশ কয়েকটা। এই ছবির বদৌলতেই ‘এক্স-মেন’ সিরিজের পরবর্তী ছবিতে সুযোগ পেয়েছেন। প্রথমে ‘পোকার হাউস’, এরপর ‘উইন্টারস বোন’ আর ‘দ্য হাঙ্গার গেমস’ দিয়ে বিরাট সাফল্যের স্বাদ পেলেন জেনিফার লরেন্স। সুজান কলিন্সের উপন্যাসের ওপর ভিত্তি করে রচিত এ ছবির বিষয়বস্তু মূলত ক্যাটনিস নামের এক কিশোরীর জীবন-সংগ্রাম। এ চরিত্রেই অভিনয় করেছেন অস্কার মনোনীত অভিনেত্রী লরেন্স। সুন্দরী এ তারকা এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে ফেলেছেন।
২০১১ সালের ২৩ মার্চ মুক্তির পর এক সপ্তাহেই অ্যাকশন ফিল্ম ‘দ্য হাঙ্গার গেমস’ ১৫৫ মিলিয়ন ডলার আয় করে নেয়। এটা সিক্যুয়েল ছাড়া কোনো ছবির আয়ের রেকর্ড। শুধু তাই নয়, এটা তৃতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড। এমনকি এটা ‘টোয়াইলাইট’ সিরিজকেও পেছনে ফেলে দেয়। ছবিটির সঙ্গে সার্বিকভাবে যুক্ত ছিল লায়ন্স গেট স্টুডিও। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা ছবিটির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। ছবিটির প্রচারের জন্যও নেওয়া হয়েছিল আধুনিক পদ্ধতি। ফেসবুকে নতুন গেমস শোর শুরু করা হয়, ইউটিউবে খোলা হয় নতুন ব্লগ। এর জন্য খরচ করা হয় প্রায় ৪৫ মিলিয়ন ডলার। ‘দ্য হাঙ্গার গেমস’ প্রথম দিনে আয় করার রেকর্ড সৃষ্টি করেছিল। মুক্তির প্রথম দিনেই আয় করে নিয়েছিল ৬৮.৩ মিলিয়ন ডলার। বিশ্বজুড়ে জেনিফার লরেন্সের অসংখ্য ভক্ত তৈরি হয়ে যায়। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই হলিউডের জেনিফারের। ‘আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে অনেক কিছু দিয়েছে। যখন কোথাও বের হই আমাকে নিয়ে তাদের আগ্রহের কোনো সীমারেখা থাকে না। আমিও এটা খুব উপভোগ করি।’ ‘দ্য হাঙ্গার গেমস’-এ জেনিফার লরেন্সের সহশিল্পীরা হলেন টুসি, উডি হ্যারেলসন ও এলিজাবেথ ব্যাংকস।
দ্য হাঙ্গার গেমস
সুজানা কলিন্সের উপন্যাস অবলম্বনে ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমাটি নির্মিত হয়েছে। পরিচালনা করছেন গ্যারি রোজ। এটি লরেন্সের দ্বিতীয় অ্যাকশন ফিকশন। এর আগে তিনি ‘এক্স-মেন :ফার্স্ট ক্লাস’-এ অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। ‘হাঙ্গার গেমস’ নিয়ে জেনিফার লরেন্স এখন দারুণ আশাবাদী। জেনিফার লরেন্স যে কয়টি ছবিতে অভিনয় করেছেন, সবই আলোচিত। তবে ‘দ্য হাঙ্গার গেমস’ সাফল্য পেয়েছে একটু বেশি। সম্প্রতি তিনি তার এই সিনেমা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। খুব শিগগিরই আসছে হাঙ্গার গেমসের নতুন সিক্যুয়েল, ‘দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’। সুজান কলিন্সের উপন্যাসের ওপর নির্মিত ‘হাঙ্গার গেমস’ ২০১২-এর বসন্তে পুরো হলিউড মাতানোর পর এ বছর ফিরে আসছে আবারও। হলিউডে থ্যাংকস গিভিং-এর সময়টিকে বক্স অফিসের জন্য বিশেষ একটি সময় হিসেবে দেখা হয়। এতদিন নভেম্বরের শেষের ওই সময়টি ছিল ‘টোয়াইলাইট’ সিরিজের দখলে। এবার সে সমস্যা আর নেই, আর তাই থ্যাংকস গিভিংয়ের ঠিক আগেই মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’। নভেম্বরের ২২ তারিখে মুক্তি পেতে যাওয়া ‘দ্য হাঙ্গার গেমস :ক্যাচিং ফায়ার’ যে হতে যাচ্ছে থ্যাংকস গিভিংয়ের ছুটিতে সিনেমাপ্রেমীদের প্রথম পছন্দ—সে ব্যাপারে সন্দেহ নেই কারও। পূর্বের সিক্যুয়েলের মতো এবার তা কতটা অ্যাকশনপ্রিয় মানুষের মন জয় করতে পারে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই বছরের শেষ পর্যন্ত।