গানের জন্য দিনরাত্রি
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৮:৪৩
সম্প্রতি বাজারে এসেছে সেরাকণ্ঠ খ্যাত শিল্পী ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’। এই অ্যালবামের বেশ কয়েকটি গান এখন সবার মুখে মুখে। তবে গান গাওয়ার চেয়ে সুর ও মিউজিক কম্পোজিশন নিয়ে তার ব্যস্ততা দিন দিন বাড়ছে। গান নিয়ে ইমরানের ভাবনার কথা লিখেছেন
খালেদ আহমেদ ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু
সংগীতের সঙ্গে তার সখ্যতা তৈরি হয় শৈশবেই। আট বছর বয়স থেকেই টিভিতে গান শোনা এবং গুনগুনিয়ে গাওয়া। গানের প্রতি তার অসীম ভালোবাসা দেখেই বাবা-মাও স্বপ্ন দেখেন ছেলে বড় হয়ে গায়ক হবে। তাই তো তাকে পাঠানো হলো গানের ওস্তাদদের কাছে। একে একে ওস্তাদ সুব্রত শ্যামল বিশ্বাস, রণজিত্ কুমার মণ্ডল ও শাহজাহান কবীরের কাছে গান শেখার পাশাপাশি কিবোর্ডেও হাত চলতে থাকে তার। মনের সুপ্ত আশাকে বাস্তবে রূপ দিতেই ২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় নাম লেখালেন ইমরান। একের পর এক বিভিন্ন পর্ব পেরিয়ে প্রথম রানারআপ হলে শিল্পী হওয়ার সাধও পূরণ হয়। ২০১১ সালে বাজারে আসে তার প্রথম একক ‘স্বপ্নলোকে’। এর গানগুলোও শ্রোতাপ্রিয়তা পায়। অবশ্য এ অ্যালবামের মধ্য দিয়েই সুরকার ইমরানের পথচলা শুরু হয়। অন্য সুরকারদের পাশাপাশি নিজেও সুর করেন তিনটি গান। এরপর সুরকার হিসেবে তার ব্যস্ততা বাড়তে থাকে দিন দিন। বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে বিভিন্ন শিল্পীর গানে সুর দিয়েছেন। এরমধ্যে নির্ঝরের ‘স্বপ্নমুখী’, পূজার ‘পূজা’, নওমীর ‘নওমী’, লুত্ফর হাসানের ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’, নুসরাতের ‘ভালোবাসি’ ও জনির ‘সূচনা’ তার উল্লেখযোগ্য কাজ। ২০১২ সালে উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। নির্ঝরের ‘আরাধনা’, পূজার ‘দূরে দূরে’ আর মিলনের ‘সখী ভালোবাসা কারে কয়’ ছিল বছরের আলোচিত ও জনপ্রিয় গানের তালিকায়। এই অডিও সাফল্যে বেড়ে গেছে তার কাজের ক্ষেত্র। চলচ্চিত্রের সংগীত পরিচালনায়ও নাম লিখিয়েছেন তিনি। এরই মধ্যে শেষ করেছেন রয়েল অনিকের ‘গেইম’ ও সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির কাজ । এখন কাজ করছেন শাহীন কবীর টুটুলের ‘প্রেমবাজ’ ও আতিক রহমানের ‘অন্তরে অন্তরে’ ছবির গানের। সেইসাথে পড়শীর নতুন অ্যালবাম ‘পড়শী-৩’ এর কাজ করছেন। সব মিলিয়ে দারুণ ব্যস্ততা যাচ্ছে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে। ইমরানের ভাষ্যে, ‘যেহেতু প্রফেশনালি কাজ শুরু করে দিয়েছি, আর থামার সুযোগ নেই। ছোটবেলা থেকে কি-বোর্ড, গিটারের সঙ্গে সখ্যতা। মনের মধ্যে তাই স্বপ্ন ছিল সুর ও সংগীত নিয়ে কাজ করার। এ ক্ষেত্রে হাবিব ভাইয়ের কথা না বললেই নয়। মূলত তার কম্পোজিশন দেখে আরও বেশি আগ্রহী হয়ে উঠি।’ তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট একটা সময়ে গিয়ে গলায় বয়সের ছাপ পড়ে। সময়ের কাছে হার মানতেই হয়। কিন্তু একজন সুরকারের সে ভয় নেই। সুরকার আজীবনই তরুণ। ভিন্ন ভিন্ন প্রজন্মের রুচির সঙ্গে তাল মিলিয়ে চলা যায়। আমি এক সময় গাইতে না পারলেও অন্য একজনকে দিয়ে গাওয়াতে পারব।’ সম্প্রতি বাজারে এসেছে ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’। নিজের সুর ও সংগীতায়োজনে এ অ্যালবামে ৭টি সলো ও ৪টি ডুয়েট গান রয়েছে। গানগুলো হলো—‘মানে না মন’, ‘পাখির ডানা’, ‘কি করে তোমাকে বোঝাই’, ‘দিবানিশি’, ‘এ জীবন’, ‘একটু কাছে আসো’, ‘শেষ সূচনা’ ও ‘আকাশ দেখি নাই’। এ ছাড়া মিলন ও পূজার কণ্ঠে ‘তুমি ছাড়া’ বোনাস ট্র্যাক হিসেবে আছে। এই অ্যালবামে ইমরানের সাথে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পূজা ও নওমি। এই অ্যালবামের বেশ কয়েকটি গান এখন সবার মুখে মুখে। বিশেষ করে ‘মানে না মন’ ডুয়েট গানটি বেশি শ্রোতাপ্রিয়তা হওয়ায় এর মিউজিক ভিডিও করছেন তিনি। গানের ব্যাপারে তার মা সব সময় অনুপ্রেরণা দিয়ে আসছেন বলে জানালেন ইমরান। গান নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানতে চাইলে ইমরান বলেন, ‘আমার স্বপ্ন একজন সফল মিউজিক কম্পোজার হওয়া। তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি।’