আনন্দঘন পরিবেশে রবীন্দ্রজয়ন্তী পালিত
শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৮:৫০
ময়মনসিংহ
ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উত্সব। শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা, গান, কবিতা ও নৃত্যানুষ্ঠানের।
‘চলো যাই কাজে মানব সমাজে’ এই স্লোগান বুকে ধারণ করে ময়মনসিংহে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উত্সব। সংগঠনের সভাপতি ড. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। প্রধান অতিথি কবি গুরুকে শ্রদ্ধার্ঘ জানিয়ে বলেন, ‘একটা জাতীর উন্নয়নের পূর্ব শর্ত হলো আগে নিজেকে চেনা। আর রবীন্দ্রনাথ হলেন সেই সংস্কৃতির একটা ধারা বা শৃঙ্খল, যার ভিতর দিয়ে নিজেকে চেনা যায়। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অধ্যাপিকা সুমিতা নাহা বলেন, ‘নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচিত করা ও কবিগুরুর আদর্শে তাদের অনুপ্রাণিত করতে পারলেই সাংস্কৃতির উন্নয়ন ও সমৃদ্ধি হবে। এতে দলীয় রবীন্দ্রসংগীত পরিবেশন করে শিশুতীর্থ আনন্দধ্বনী সংগীত বিদ্যায়তন। নৃত্য পরিবেশনায় অংশ নেয় ত্রিসপ্তক সাংস্কৃতিক একাডেমী। তবে এসব কিছু ছাপিয়ে অনুষ্ঠানের ঔজ্জল্য আরও বাড়িয়ে তোলে অধ্যাপিকা সুমিতা নাহার সংগীত পরিবেশনা। যা সকলকে মুগ্ধ করে।