জোকস
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৯:৫৬
অস্কার ওয়াইল্ডের বিরূদ্ধে দু বছরের সশ্রম কারাদন্ডের রায় হয়েছে। এ অবস্থায় কোর্ট থেকে বেরিয়ে হ্যান্ডকাফ পড়া অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে প্রিজন ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন ওয়াইল্ড ও তার সাথের পুলিশ সদস্যরা। এমন সময় হুট করে এক পশলা বৃষ্টি এসে সবাইকে ভালো রকম ভিজিয়ে দিয়ে গেল। আর বৃষ্টিতে এভাবে ভিজতে ভিজতেই অস্কার ওয়াইল্ড তার সাথের পুলিশ সদস্যদের দিকে তাকিয়ে বললেন, ‘কয়েদিদের প্রতি রাণীর আচরণ যদি এমন হয় তবে আমি নিশ্চিত বলে দিতে পারি যে ভবিষ্যতে তাঁর ভাগ্যে আর কোনো কয়েদিই জুটবে না।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের কথা। তখন গোটা বিশ্বজুড়েই স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর বেশ নামডাক। বিশেষ করে সংগ্রাহকদের কাছে তার ছবি মানেই বড় কিছু। তা এমনই এক সংগ্রাহক আর ভিনদেশী কোটিপতি একদিন পিকাসোর স্টুডিওতে এসে হাজির হলেন। তারপর ঘুরতে ঘুরতে একটা বিশাল ছবির সামনে দাঁড়িয়ে তিনি পিকাসোকে জিজ্ঞাসা করলেন, ‘এটা দিয়ে আপনি কী বোঝাতে চেয়েছেন?’ লোকটার এমন আনাড়ীর মতো কথায় বিরক্ত হয়ে পিকাসোও উত্তর দিলেন, ‘এটা দিয়ে আমি আসলে দুই লাখ ডলার বোঝাতে চেয়েছি!’
বিখ্যাত ইংরেজ কবি ও ঐতিহাসিক লর্ড মেকলে তখন রোমে থাকেন। এক রাতে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাত্ লম্বা আলখেল্লা পড়া এক লোককে তার পাশ দিয়ে তাড়াহুরো করে চলে যেতে দেখেই কেমন যেন সন্দেহ হলো মেকলের। তিনি ভাবতে লাগলেন এ আবার নতুন কোনো পকেটমার কি না। সাথে সাথে পকেটে হাত দিয়েই টের পেলেন যে তার পকেট ঘড়িটাও ইতোমধ্যে হাওয়া। দেরি না করে এক ছুটে ঐ আলখেল্লা পড়া লোকটাকে পাকড়াও করলেন মেকলে। ভালোয় ভালোয় তার হাতঘড়িটা দিয়ে দেবার কথাও জানালেন। আর তার এই কথা শুনেই মেকলের হাতে হাতঘড়ি গুজে দিয়ে জোরে দৌড় লাগালো ঐ পকেটমার। এদিকে কিছুক্ষণ পর হাসিমুখে বাড়ি ফিরতেই মেকলের বাড়িওয়ালী বললেন, ‘আপনি কেমন মানুষ বলুন তো। বাইরে বের হবার সময় ঘড়িটা পর্যন্ত সাথে নিতে ভুলে যান। আপনার ঘড়িটা সেই কখন থেকে বারান্দার টেবিলের উপর পড়ে আছে!’