ডিএসই’র লেনদেন কমেছে ২৫ শতাংশ

কয়েকদিন দরবৃদ্ধির পর গত দুইদিন শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে কমছে লেনদেনও। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ২৫ শতাংশ লেনদেন কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজেটীয় প্রত্যাশায় টানা কয়েকদিন শেয়ারবাজারে সূচক বাড়ার পর গত দুইদিন ধরে আবার সূচক কমছে। তবে এতে বড় ধরনের আশঙ্কার কিছু নেই। কারণ দরবৃদ্ধির পর স্বাভাবিক নিয়মেই দর পড়তে পারে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭০ পয়েন্ট কমে ৩ হাজার ৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৯৮ লাখ ১৪ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১০৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৭৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, গতকাল প্রায় সব খাতেরই শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের উপরও নেতিবাচক প্রভাব পড়েছে। তবে কমার দিক থেকে এগিয়ে ছিল নন ব্যাংক আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। এ খাতের শেয়ারের দাম কমেছে প্রায় ৪ দশমিক ৯ শতাংশ। এরপরই এগিয়ে ছিল ইঞ্জিনিয়ারিং ও ব্যাংকিং খাত। গতকাল লেনদেনের দিক থেকে এগিয়ে ছিল ফার্মাসিউটিক্যালস খাত। এ খাতে লেনদেন হয়েছে বাজারের মোট লেনদেনের ১৩ দশমিক ৬৯ শতাংশ। লেনদেনের ক্ষেত্রে এগিয়ে থাকা অন্য খাতগুলো হলো ব্যাংক এবং জ্বালানি খাত। এদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দেশের উভয় স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে কাল কোনো প্রকার শেয়ার লেনদেন হবে না। আর পরের দু’দিন শুক্র ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটির কারণে একটানা ৩দিন লেনদেন হবে না। তবে রবিবার থেকে যথাসময়ে লেনদেন চলবে।