সফল নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করবে উইমেন চেম্বার

দেশের সাত বিভাগের সাতজন সফল নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করবে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। সেই সাথে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দু’জন সাংবাদিককে পুরস্কার ও সম্মাননা দেয়া হবে। গতকাল গুলশানে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-গ্রীনডেল্টা ইন্সুরেন্স প্রগ্রেসিভ এওয়ার্ড ২০১২’ শিরোনামে এ আয়োজনে সহযোগিতা করছে গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সেলিমা আহ্মাদ, গ্রীনডেল্টা ইন্সুরেন্সের প্রধান উপদেষ্টা নাসির এ. চৌধুরী, ভারপ্রাপ্ত এমডি ও সিইও ফারজানা চৌধুরী। চেম্বার প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ জানান, ৭ জন নারী উদ্যোক্তাসহ শিল্প ও ব্যবসা ক্ষেত্রে নারী উদ্যোক্তা উন্নয়নে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার যে সমস্ত প্রতিনিধি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হবে। ইতিমধ্যে তিন সদস্যের দক্ষ ও অভিজ্ঞ জুরি বোর্ড গঠন করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে গ্রীনডেল্টা ইন্সুরেন্স কোম্পানির ‘নিবেদিতা’ নামে তাদের নতুন পণ্য উদ্বোধন করতে যাচ্ছে যা বাংলাদেশে নারী উদ্যোক্তাদের জন্য তৈরি প্রথম কোন ইন্সুরেন্স পলিসি।