একচেটিয়া মুকিত

দর্শক চমকে দেওয়ার কাজে যেন পরিপূর্ণ দক্ষ মুকিত। গত বেশ ক’বছরেও আমরা বিজ্ঞাপনে এমন কোনো মডেল পাইনি যিনি ধারাবাহিকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠবেন। দেখা গেছে কারও একটি দুইটি বিজ্ঞাপন আলোচিত হয়েছে। কিন্তু, সবক’টি বিজ্ঞাপনই! প্রায় সকলেরই দাবি এই জনপ্রিয়তা বা আলোচনার বিষয়টি শুধুমাত্র মুকিতের কারণেই। তাকে ছাড়া এটা কল্পনাই করা যায় না, খুব অল্প সময়ে দর্শক ধরে রাখার নিপুণ দক্ষতা তার জানা। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন একঘেয়েমি নিয়ে, অন্য কারও কপি নয়, নিজেই নিজের কপি এমনটা প্রশ্ন তুলছেন অনেকেই। শুধু একটি কোম্পানির নয়, সব ক’টি কোম্পানির বিজ্ঞাপনে একই ভঙ্গিতেই অভিনয়। এ প্রসঙ্গে মুকিত বলেন, ‘আসলে আমি এটাকে বলব সময়ের চাহিদা। পরিচালকরাও আমার কাছ থেকে এটাই চাইছে। দর্শকরাও এটাই চাইছে। আমি ব্যতিক্রম অভিনয় দেখাতে চাই। কিন্তু দর্শক যখন গ্রহণ করছে আপত্তি কোথায়!’