নিজেই নিজের পরিচালক!

গেল ভালোবাসা দিবসে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে লেজারভিশনের ব্যানারে প্রকাশিত হয় দ্বৈত গানের অ্যালবাম ‘লাভ ডুয়েটস’। এই অ্যালবামে চলতি প্রজন্মের সুকণ্ঠী গায়িকা আর্নিকের গাওয়া ‘আমার ভুবন’ গানটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। আর্নিকের একক কণ্ঠ ছাড়াও গানটির ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন ফাজবির তাজ সূফি। গানটির সুর-সংগীতায়োজন করেন রাকিব মোসাব্বির। এবার সম্প্রতি আর্নিক তার একক গানটির একটি ব্যতিক্রমধর্মী মিউজিক ভিডিওর কাজ শেষ করলেন। মিউজিক ভিডিওটি নির্মাণও করেছেন তিনি নিজেই। আর এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের খাতায় নাম লেখালেন আর্নিক। গানটিতে আর্নিকের সঙ্গে মডেল হয়েছেন অভি। প্রথমবারের মতো নিজের মিউজিক ভিডিও পরিচালনা প্রসঙ্গে আর্নিক বলেন, ‘আসলে ‘আমার ভুবন’ গানটির কথা-সুর-সংগীতায়োজন নিজের কাছে অনেক ভালো লেগেছে আমার। এই গানটির রেকর্ডিং শেষেই মনে মনে ঠিক করে নিয়েছিলামের মিউজিক ভিডিওর কাজ করব। আর মনের মতো করে করবার জন্যই আসলে নিজের পরিচালনায় ভিডিওটি করা। গতানুগতিক ধারার বাইরের করেই ভিডিওটি নির্মাণের চেষ্টা করেছি। এখন দর্শকদের ভালো লাগলেই আমি সার্থক।’