ওকলাহোমায় উদ্ধার অভিযান
টর্নেডোর পর অন্ধকারে ডুবে আছে মুর, তীব্র পানি সংকট
আল জাজিরা, রয়টার্স, বিবিসি
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:০৭
প্রলয়ংকরী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটির শহরতলী মুর এলাকায় জীবিতদের উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবার বিকালে তিন কিলোমিটার এলাকা জুড়ে এটি আঘাত হানে। তৃতীয় দিনের মতো গতকাল বুধবার এই উদ্ধার কার্যক্রম চলে। প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ৯১ বলা হলেও পরে ওকলাহোমার রাজ্যের চিকিত্সা বিভাগ এ টর্নেডোয় ধ্বংসস্তূপ থেকে ২৪ জনের মৃতদেহ পাওয়ার খবর নিশ্চিত করেছে।
ঘণ্টায় তিনশো কিলোমিটার বেগে ধেয়ে আসা ওই টর্নেডোতে বহু ঘর-বাড়ি, স্কুল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতাল গুড়িয়ে যায়। জীবিতদের সন্ধানে জরুরি উদ্ধারকারী দল ম্যুর শহরে ফ্লাডলাইটের আলোয় ভারি যন্ত্রপাতি দিয়ে অভিযান চালায়। একদিকে জীবিতদের খোঁজে দমকল কর্মীদের চিরুনি অভিযান, অন্যদিকে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে। স্থানীয় ফায়ার বিভাগের প্রধান গ্যারি বার্ড জানিয়েছেন, তারা অনেকটাই নিশ্চিত যে ধ্বংসস্তূূপের নিচ থেকে আর কোনও জীবিত মানুষকে উদ্ধারের সম্ভাবনা নেই। অভিযানে ওকলাহোমা ন্যাশনাল গার্ডের সদস্য ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য থেকে উদ্ধার কর্মীরা যোগ দেন। ৪৫ মিনিটব্যাপী স্থায়ী এই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাটি এখন শুধু ক্ষতচিহ্ন বহন করছে। স্বজনহারাদের কান্নায় ভারি হয়ে উঠেছে সেখানকার বাতাস। ক্ষতিগ্রস্ত একটি স্কুলের ধ্বংসস্তূপ থেকে কয়েক শিশুকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। পুরো এলাকাটি প্রায় বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে আছে। এছাড়া রয়েছে বিভিন্ন স্থানে তীব্র পানির সংকট।
ম্যুর শহরতলীতে প্রায় ৫৫ হাজার লোকের বসবাস। ঝড়ের পর এখন লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছেন। এতে ২শ’ ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবারের অভিযানে ৯ শিশুকে সেখান থেকে মৃত উদ্ধার করা হয়। ঘটনার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, উদ্ধার অভিযানে তার সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার তাই তিনি করবেন। তিনি বলেন, মুরবাসীদের এটা জেনে রাখা দরকার যে, এই দুর্দিনে দেশের সব মানুষই তাদের পাশে আছে। তিনি একে ইতিহাসের মধ্যে অন্যতম ধ্বংসাত্মক দুর্যোগ বলে অভিহিত করেছেন।