হাসপাতাল ছেড়েছেন ইমরান খান
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:০৮
হাসপাতাল ছেড়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিক ইমরান খান। এক নির্বাচনী সমাবেশে মঞ্চে উঠতে গিয়ে পড়ে আঘাত পাওয়ার দুই সপ্তাহ পর হাঁটার মতো সুস্থ হয়ে ওঠায় বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে টেলিভিশন চ্যানেলের সংবাদে বলা হয়েছে।
সাংবাদিকদের এড়াতে পেছনের দরজা দিয়ে ইমরান খান হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে পুরোপুরি স্বাভাবিক চলাফেরার ক্ষমতা তিনি এখনও ফিরে পাননি। পিটিআই’র তথ্য সম্পাদক ডা. শিরিন মাজারি জানিয়েছেন, একটি বিশেষ বর্মের মতো বেল্ট শরীরে লাগানোর পর উঠে দাঁড়িয়ে হাঁটতে পারছেন ইমরান খান। কারো সাহায্য ছাড়াই ৩শ’ মিটারের মতো হেঁটেছেন তিনি। উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে ১১ মে’র সাধারণ নির্বাচনে ইমরানের দল পিটিআই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। নির্বাচনে নওয়াজ শরিফের দল পিএমএল-এন জয়লাভ করলেও প্রায় শূন্য থেকে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে পিটিআই।