সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার পক্ষে মার্কিন সিনেট প্যানেল

সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্যানেল। এদিকে, সিরিয়ার সরকার ও বিরোধী গোষ্ঠী উভয়পক্ষই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি। সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্যানেল। এই বিষয়ে আনা এক বিলের ভোটাভুটিতে প্যানেলের অধিকাংশ সিনেটর বিদ্রোহীদের অস্ত্র দেয়ার পক্ষে রায় দিয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে এই ভোটাভুটি হয়। এতে বিদ্রোহীদের অস্ত্র দেয়ার পক্ষে ১৫ ভোট ও বিপক্ষে ৩ ভোট পড়ে। তবে এই বিলটি আলোর মুখ দেখলে বিদ্রোহীদের কোন পক্ষ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র পাবে তা পরিষ্কার না। সিরিয়া সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি স্থাপনে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের জন্য বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মধ্যস্থতা করছে। জেনেভায় আগামী মাসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাহিমি জানান, সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে দেশটির সরকার ও বিরোধী সব পক্ষই এই সম্মেলনে অংশ নেবে। সম্মেলন প্রসঙ্গে ব্রাহিমি বলেন, ‘এটি একটি বিরাট সুযোগ এবং আশা করি সিরিয়ার প্রতিনিধি ও আঞ্চলিক পক্ষগুলো সম্মেলন সফল হওয়ার বিষয়ে সহযোগিতা করবে।’ বৈঠকে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সিরিয়ার বিরোধী নেতাদের আগামীকাল বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, সরকার বিরোধীরা অনুমোদন না করলে সিরীয় সরকারের দেয়া তালিকার নাম পরিবর্তন করা হতে পারে। তবে ফ্রান্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, তালিকায় সিরিয়া সরকার যাদের নাম দিয়েছে তাদের কয়েকজন গ্রহণযোগ্য হবেন না।